ডায়েরিতে কী লেখা ছিল?

গ্রাফিকস: আগামীর সময়
এটা কি সম্ভব আগে থেকেই একটি ডায়েরিতে যা লেখা ছিল, তা এক এক করে সব মিলে যাবে। হুবহু। একদম নাম, জামার রঙ, কে কোথায় বসে আছি, কে কোথায় কী করছি। কেন এখানে এসেছি। সব, সব কীভাবে একটি ডায়েরিতে মিলে যায়।
লোকমানরা পিকনিকে গিয়েছিল। কক্সবাজারে। লোকমান তার স্ত্রী রোকসানা, এক ছেলে ও এক মেয়ে। লোকমানের বন্ধুও ছিল। একই সঙ্গে চাকরি করে। দুজনই শিক্ষা কর্মকর্তা। পূজার ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছে। লোকমানের বন্ধুর নাম ছিল বাবন। বাবনও তার স্ত্রী লতা ও এক মেয়েকে নিয়ে কক্সবাজার ঘুরতে বেরিয়েছে। পূজার ছুটিতে কোনো রিসোর্টই খালি নেই। খুঁজতে খুঁজতে তারা একটি রিসোর্ট পেল। কিন্তু সেই রিসোর্ট একটু পুরনো। একটু পুরনো মানে আগের ঘরটিই রঙ দিয়ে একটু কাজ করে রিসোর্ট হিসেবে ভাড়া দেওয়া হয়। সেখানে এতটা ভিড় নেই। দেখে মনে হলো খুব কম লোকই সেখানে যায়। কখনো কোনো উপায়ন্তর না পেয়ে সেখানে গিয়ে ওঠে। কিন্তু পূজার ছুটিতে এমন একটা অবস্থা হবে তারা ধারণা করেনি। লোকমান আর বাবন প্রথম দিকে খানিকটা ঘাবড়ে গিয়েছিল। এ অচেনা কক্সবাজারে এত রাতে বউ-ছেলেমেয়ে নিয়ে এখন কোথায় গিয়ে উঠবে। এটা ওরা ভেবেই পাচ্ছিল না। একটু দূরে হলেও নিরিবিলি এ রিসোর্টটা পেয়ে চিন্তাটা কমেছে। সারা দিনের জার্নির ধকলে প্রত্যেকের মুখও শুকিয়ে গেছে। ছেলেমেয়েদের চোখেমুখেও ক্লান্তি। সামান্য কিছু খেয়ে ঘুমাতে যাওয়াটাই এখন বেশি প্রয়োজন। লোকমান আর বাবন রিসোর্টের দুই রুম নিল। একটিতে লোকমান আর তার স্ত্রী-ছেলেমেয়ে থাকবে। আরেকটিতে বাবন আর তার স্ত্রী ও মেয়ে থাকবে।
রিসোর্টের রুমগুলো বেশ বড় বড়। জানালাগুলোও বেশ বড়। দোতলার জানালা খুলে দিলে সমুদ্রের ডাক ঘরে চলে আসে। সমুদ্রের আশপাশের জায়গাগুলো জানি কেমন। পৃথিবীর কোনো জায়গার সঙ্গে মিল নেই। সারাক্ষণ শোঁ শোঁ শব্দ করছে। একটা বাতাস মাঝে মাঝে ঘরে ঢুকে পড়ছে আবার চলে যাচ্ছে। মনে হচ্ছে বাতাসটা প্রত্যেকের খোঁজখবর নিয়ে কাকে যেন জানাতে এসেছে। বাতাসটা অন্য কোনো জায়গার মতো নয়। কেমন জানি পুরো গা জড়িয়ে ধরে। আবার ধাক্কা মারে। নিজেকে শক্ত করে আটকে না রাখলে মনে হয় যে, কেউ এ ধাক্কাতে পড়েই যাবে। বাতাসের গন্ধটাও যেমন কেমন। কসাইখানার ভেতর যেরকম গন্ধ হয়, তেমন অনেকটা। মনে হয় বাতাসটি এমন কোনো জায়গা থেকে এসেছে যেখানে দীর্ঘদিন কেউ মরে পড়ে আছে। কেমন বমি উগড়ে আসছিল। আবার ভয়ও হচ্ছিল। এমন বাতাস মনে হয় কোথাও নেই। আমি জানালাটা বন্ধ করে দিতে চাইলাম। কিন্তু লতা বারণ করল। লতাকে আমি আর তেমন কিছু বললাম না। একবার মেয়ের দিকে তাকালাম। দেখলাম ওর ভালোই লাগছে। কিন্তু খিদে পেয়েছে আমাদের। রিসোর্টে খাওয়ার ব্যবস্থা কী, কে জানে। আমি ম্যানেজারকে ফোন করে কাউকে আসতে বললাম। লোকমানকেও ফোন করলাম। বললাম। কিছু তো খেতে হবে। একজনকে ডাক দিই। ও বলল, ডাকেন। দেখি কী পাওয়া যায়। একজন দরজায় শব্দ করল। বেশ জোরে জোরে শব্দ করল। মেজাজটা খারাপ হয়ে গেল। এত জোরে কেউ শব্দ করে। আমি খুব বিরক্তি নিয়ে দরজা খুললাম। দেখলাম কেমন বিদঘুটে একটা লোক দাঁড়িয়ে আছে। লুঙ্গি পরা। গায়ে ছেঁড়া শার্ট। চুলগুলো এলোমেলো। চোখগুলো এত বড় বড় যে, মনে হচ্ছিল আমাদের সে খেতে এসেছে। সে সালাম দিল। আমি বললাম, আমাদের কিছু খেতে হবে। এখানে এখন কী পাওয়া যাবে। ও বলল, আপনি যা চান সব পাওয়া যাবে। আমি একটু আশ্চর্য হলাম। যে রিসোর্টে তেমন লোকজন নেই। সবসময় লোকজন আসে কি না সন্দেহ। সেখানে কি না যা চাই সব পাওয়া যাবে? আমি আর কথা বাড়ালাম না। আমাদের ভাত খাওয়ার অভ্যাস। ভাতের সঙ্গে হালকা ডাল-মাছ হলেই চলে যাবে। লোকমানকে বলে ভাত-ডাল আর মাছের অর্ডার দিলাম। ও বলল, স্যার আধঘণ্টার মতো লাগবে। আমি খাবার নিয়ে আসছি। আমি তাকে আচ্ছা বলে বিদায় দিলাম। খাবার এলো। আমরা চিংড়ি মাছ ভুনা আর ডাল দিয়ে ভাত খেলাম। খাবার বেশ ভালোই লাগল। হয়তো পেটে প্রচণ্ড ক্ষুধার কারণে খাবারের স্বাদটা বেশিই লেগেছিল। খাওয়ার সময় কারও মুখ দিয়ে তেমন কথা বের হচ্ছিল না। কী এমন খাবার যে অমৃতের মতো খেলাম। অন্তত আমার স্ত্রী লতার কিছু না কিছু বলার কথা ছিল। ও যে খাবারের ব্যাপারে সেনসেটিভ। একটু এদিক-সেদিক হলেই খেতে চায় না। লতার মতো মেয়েও আজ কোনো কথা বলল না। যদিও চিংড়ি মাছটাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছিল। কেমন কালো বিদঘুটে রঙ। আস্ত একটা এত বড় চিংড়ি চোখ বের করে তাকিয়ে আছে আমার দিকে। মৃত কালো শরীর নিয়ে হাসছিল। কেমন পুড়িয়ে ফেলা হয়েছে পুরা শরীরটা। ওকে যখন পোড়ানো হচ্ছিল কড়াইয়ে ভেতর সে লাফাচ্ছিল নাকি। ছটফট করতে করতে একপর্যায়ে কালো হয়ে বেঁকে গেছে। আর এখন আমার দিকে তাকিয়ে আছে। ওর আত্মাটা মনে হয় এখনো আছে। মুখে নিলেই মনে হয় সে কাঁটা ফুটিয়ে দেবে গলার ভেতর। ডালটাও কেমন লাল মরিচ গুঁড়া দিয়ে রেখেছে যে, মনে হচ্ছিল কারও রক্ত ভেসে উঠছে। আমি চোখমুখ বন্ধ করে খেলাম। ওদের কিছুই বলিনি। ওরা খাচ্ছে খাক। খাবারদাবার মোটামুটি ভালোই হলো। লোকমানরাও শুনলাম পেট পুরে খেয়েছে। যাই হোক, এত বড় একটা জার্নির ধকলের পর আবার থাকার জায়গা পাচ্ছিলাম না। এজন্যই আগে থেকে বুক করে নিলে ভালো হতো। তাও যা পাওয়া গেছে, আজকের রাতটা ঘুমাই। খাওয়াদাওয়া একপ্রকার হলো। এবার ঘুমাতে যাওয়ার পালা। আমি লোকমানকে ফোন করে জানিয়ে দিলাম। আমরা ঘুমাচ্ছি তোরাও ঘুমিয়ে পড়। এখন রাত প্রায় ১১টা। এরই মধ্যে এ জায়গাটা নিস্তব্ধ হয়ে গেছে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এখানকার মানুষজন একটু আগেই মনে হয় ঘুমায়। আমরা বিছানাটা আরেকবার পরিষ্কার করে ঝেড়েটেড়ে শুয়ে পড়লাম।
এই শুয়ে পড়ার আধঘণ্টা হবে। হঠাৎ আমাদের রুমে কারও হাঁটার শব্দ পেলাম। ঠিক বুঝতে পেলাম না। প্রথমে চমকে উঠলাম। পরে মনে হলো মনের ভুল হতে পারে। আবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখটা কেবলই লেগেছে। কাউকে আমাদের শোবার ঘরের বাথরুমের পাশে আরেকটা ঘরের দরজা খুলতে শুনলাম। আমি লতা আর আমার মেয়ের দিকে তাকিয়ে দেখলাম। ওরা বেঘোরে ঘুমাচ্ছে। তাহলে কে ঢুকল সেখানে। দরজা খোলার শব্দই শোনা যাচ্ছিল। আমার ঘুমটা এখন আর নেই। উঠে পড়লাম। আস্তে আস্তে শোবার ঘরের বাথরুমের পাশে যে রুমটা, যে রুমটার দরজা খোলার শব্দ পেলাম সেই রুমের কাছে গেলাম। ওটা পরিত্যক্ত মনে হচ্ছিল। ভেতরে সোফা বিছানো। তবে ধুলোবালি ছিল অনেক। আমি লাইট জ্বালালাম। সেখানে একটা আলমারি দেখতে পেলাম আর সেই আলমারিতে অনেক বই। কাউকে অবশ্য রুমের ভেতর দেখতে পেলাম না। হয়তো মনের ভুল। যাই হোক। আজ আর হয়তো ঘুম আসবে না। বই যেহেতু পেয়েছি, বই পড়েই কাটানো যাবে। গিয়ে দেখি সেখানে কেমন বই। ওপরের তাকের দিকে তাকিয়ে দেখি মার্ক্স-এঙ্গেলসের রচনাসমূহ। একটু বিস্মিত হলাম। যিনি পড়তেন, তিনি সম্ভবত বামপন্থী ছিলেন। বিভূতিভূষণের রচনাবলি ছিল। আবার দেখলাম আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামাও। কিন্তু আমার চোখ আটকে গেল একটা নীল রঙের ডায়েরির দিকে। কী বই আছে, কী বই পড়ব এর থেকে কে এখানে পড়ত তার দিকে নজর বেড়ে গেল। ওই ডায়েরিটার দিকে। যিনি এখানে পড়তেন এটা নিশ্চয়ই তার ডায়েরি। আরেকজনের ডায়েরি না জানিয়ে পড়াটা ঠিক না। কিন্তু আমার কিউরিসিটি এতটা বেড়ে গেল যে, সেই ডায়েরিটাই পড়তে চাইলাম। ডায়েরির পৃষ্ঠা ওল্টাতেই দেখলাম আজকের তারিখ। মনে হলো কিছুক্ষণ আগে এখানে কেউ লেখেছে। লেখা আছে এখানে লোকমান আর তার স্ত্রী রোকসানা আর তার ছেলেমেয়ে আসবে। ওরা এক রুমে থাকবে। আর বাবন ও তার স্ত্রী লতা ও তার মেয়ে আরেক রুমে থাকবে। আমি চমকে গেলাম। আরও লেখা আজ তারা ডাল-চিংড়ি মাছ আর ভাত খাবে। রাতে সবাই ঘুমাতে যাবে। কিন্তু বাবনের ঘুম হবে না। বাবন এ ডায়েরিটা যখন হাতে পাবে তখন রাত বারোটা বাজবে। আমি ঘড়ির তাকিয়ে দেখি সত্যি রাত বারোটা। আমার শরীর কেমন হিম হয়ে গেল। বাইরের সেই বাতাসটা আবার আমাকে একটা সজোরে ধাক্কা দিল। এর পরেই লেখা এখন এখানে আগুন ধরবে। আর আগুনে পুড়ে মারা যাবে সবাই। আমি ডায়েরিটা ফেলে চিৎকার করতে থাকলাম। লতা আর আমার মেয়েকে ডাকলাম। চিৎকার করে বলতে থাকলাম চলো রিসোর্টে আগুন লেগেছে। ওঠো ওঠো। আমি লোকমান আর ওর বউ-ছেলেমেয়ে সবাইকে ডাকতে থাকলাম। ওদের ডেকে রিসোর্টের বাইরে নিয়ে গেলাম। আগুন আগুন বলতে বলতে। সবাই দৌড়াতে শুরু করল। কই আগুন, কই আগুন বলতে লাগল। আমি কাউকে কোথাও আগুন দেখাতে পারলাম না। সবাই আমার কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি কিছুই বোঝাতে পারছিলাম না। শুধু আমরা সবাই যখন রিসোর্টের বাইরে, আমি রিসোর্টের ছাদে একজন লম্বা লোককে আমার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ ধরে হাসতে দেখলাম।



