কণিকা
আরিফ আবদুল্লাহর আলোকচিত্র প্রদর্শনী
- দৃষ্টির বাইরে অনুভবের গভীরে

দৃষ্টিশক্তির পরিবর্তনের মধ্যেও শিল্পচর্চা অব্যাহত রাখা এবং সৃজনশীলতার নতুন পথ অনুসন্ধানের গল্প নিয়ে ঢাকায় শুরু হচ্ছে আলোকচিত্রী আরিফ আবদুল্লাহর একক প্রদর্শনী ‘লিসেনিং বিয়ন্ড সাইট’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজিত এ প্রদর্শনী ১৬ অক্টোবর শুরু হয়ে চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
প্রদর্শনীতে উঠে এসেছে আলোকচিত্রের পাশাপাশি সংগীত, গান লেখা ও সাউন্ড ডিজাইনে আরিফের বহুমাত্রিক শিল্পযাত্রা। আরিফ বলেছেন, ‘রঙকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখলে দৃশ্যের অন্যান্য উপাদান—রেখা, আকৃতি, ছায়া ও বুনট— আরও স্পষ্টভাবে চোখে পড়ে।’
প্রদর্শনীটি ধানমন্ডির ২৬, মিরপুর রোডে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টায়।
স্কুলজীবনে আলোকচিত্রের প্রতি আগ্রহ তৈরি হয় আরিফের। ২০০৯ সালে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চারুকলায় তৃতীয় বর্ষে পড়ার সময় বিরল জিনগত রোগ কোরয়ডেরেমিয়ায় আক্রান্ত হন তিনি। এতে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে এলেও থেমে থাকেনি তার শিল্পচর্চা।
গানের প্রতি আগ্রহ থেকে সংগীতের সঙ্গে যুক্ত হন আরিফ। অনলাইন পাঠের মাধ্যমে হারমোনিকা বাজানো শিখে একসময় বাংলাদেশে পেশাদার হারমোনিকা বাদক হিসেবে পরিচিতি পান। পরে বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্যবাহী বায়ুবাদ্যযন্ত্র নিয়ে কাজ করেন।



