অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে তাদের দেওয়া হয়েছে এ সাজা।
গতকাল বুধবার পবিত্র নগরী মক্কায় তাদের এ রায় কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দণ্ড পাওয়া দুই বাংলাদেশি হলেন— নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, আদালতের রায়ে তাদের বিরুদ্ধে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ঘটনার পর নিরাপত্তাবাহিনী ওই দুই বাংলাদেশিকে আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত তাদের দোষী সাব্যস্ত করে রায় দেন মৃত্যুদণ্ডের।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অপরাধ, সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে দেওয়া হয়েছে এ সাজা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করলে জড়িত যেকোনো ব্যক্তিকে আইনের মুখোমুখি হতে হবে।
তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র : আজেল নিউজ





