শীতের পোশাক বের করার আগে যে ৮ বিষয় খেয়াল রাখবেন

প্রতীকী ছবি
আলমারির এক কোণে দীর্ঘদিন ধরে পড়ে আছে শীতের পোশাক। সোয়েটার, জ্যাকেট, শাল কিংবা কম্বল ব্যবহারের সময় খুব নিকটে। কিন্তু দীর্ঘদিন তুলে রাখা পোশাক সরাসরি গায়ে জড়িয়ে নেওয়া একেবারেই ঠিক নয়। এতে জমে থাকা ধুলাবালু, ছত্রাক, স্যাঁতসেঁতে গন্ধ কিংবা অ্যালার্জির উপাদান থেকে অস্বস্তি হতে পারে। তাই শীতের পোশাক বের করার আগে কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি।
রোদে দিন পোশাক
দীর্ঘদিন বন্ধ জায়গায় রাখা পোশাকে স্যাঁতসেঁতে গন্ধ হতে পারে। পোশাকের ধরন অনুযায়ী বাতাস চলাচল করে এমন জায়গায় মেলে দিন। কিছুক্ষণ হালকা রোদেও রাখা যায়। তবে উল, কাশ্মীরি ও সংবেদনশীল কাপড় দীর্ঘক্ষণ কড়া রোদে রাখবেন না।
ধুলাবালু ভালোভাবে পরিষ্কার করুন
পুরোনো পোশাকে ধুলা জমে থাকতে পারে। ভালোভাবে ঝেড়ে নিন। প্রয়োজন হলে কাপড়ের ধরন অনুযায়ী ধুয়ে বা ড্রাই ক্লিন করিয়ে নিন। বিশেষ করে যাঁদের ধুলাবালুতে অ্যালার্জি আছে, তাঁদের বাড়তি সতর্ক থাকা উচিত।
ছত্রাক ও দুর্গন্ধ পরীক্ষা করুন
পোশাকে কালচে বা সবুজাভ দাগ, স্যাঁতসেঁতে ভাব কিংবা অস্বাভাবিক গন্ধ আছে কি না দেখুন। ছত্রাকের সংক্রমণ থাকলে শুধু রোদে দিলেই যথেষ্ট নয়। উপযুক্তভাবে পরিষ্কার ও সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে।
পোকায় কাটা বা ছেঁড়া আছে কি না দেখুন
দীর্ঘদিন সংরক্ষণ করে রাখলে পোশাকে পোকায় কাটা, ছোট ছিদ্র কিংবা সেলাই খুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। ব্যবহারের আগে সেগুলো মেরামত করে নিন।
কাপড়ের ধরন অনুযায়ী ধোয়ার নিয়ম মানুন
সব শীতের পোশাক একইভাবে ধোয়া যায় না। উলের পোশাক, সোয়েটার কিংবা জ্যাকেট পরিষ্কারের আগে লেবেলের নির্দেশনা দেখে নিন। কোনো পোশাক মেশিনে ধোয়ার উপযোগী না হলে হাতে বা ড্রাই ক্লিনের ব্যবস্থা করুন।
আলমারিও পরিষ্কার করুন
শুধু পোশাক পরিষ্কার করলেই হবে না, যেখানে পোশাক রাখবেন সেই আলমারিও পরিষ্কার করতে হবে। ধুলাবালু ও আর্দ্রতা দূর করে আলমারি ভালোভাবে শুকিয়ে নিন।
প্রয়োজনের অতিরিক্ত ন্যাপথলিন ব্যবহার করবেন না
পোশাক সংরক্ষণে ন্যাপথলিন ব্যবহার করা হলেও এর বাষ্প স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। শিশুদের নাগালের বাইরে রাখুন এবং পোশাক পরার আগে ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। বিকল্প হিসেবে পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী সংরক্ষণব্যবস্থা ব্যবহার করতে পারেন।
প্রয়োজন অনুযায়ী পোশাক সাজিয়ে রাখুন
সব পোশাক একসঙ্গে বের না করে প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে রাখুন। ভারী শীতের পোশাক, হালকা সোয়েটার, শাল, মোজা ও কম্বল আলাদা করে রাখলে ব্যবহার সহজ হবে।
সূত্র: উলমার্ক, সিডিসি, ন্যাশনাল পেস্টিসাইড ইনফরমেশন সেন্টার, এনএসডব্লিউ হেলথ




