ই-স্পোর্টসপ্রেমীদের জন্য ‘সার্কেল গেমিং এরিনা’, পুরস্কার ২৫ লাখ টাকা

দেশের তরুণ গেমারদের প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক পরিবেশে দক্ষতা প্রদর্শন এবং ই-স্পোর্টস কমিউনিটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে বড় পরিসরের গেমিং টুর্নামেন্ট ‘সার্কেল গেমিং এরিনা’ চালু করেছে রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড সার্কেল। প্রতিযোগিতায় জনপ্রিয় দুটি গেম পাবজি মোবাইল ও ই-ফুটবলে অংশ নেওয়ার সুযোগ পাবেন গেমাররা।
১৮ নভেম্বর রাজধানীতে রবি আজিয়াটা পিএলসির করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব সার্কেল মার্কেটিং মুহাম্মদ আব্দুল হাইসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
টুর্নামেন্টে মোট ২৫ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে। এর মধ্যে পাবজি মোবাইল প্রতিযোগিতার বিজয়ীদের জন্য বরাদ্দ ২০ লাখ টাকা এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকা। ‘মাই সার্কেল অ্যাপ’-এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন চলছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। নিবন্ধনের ক্ষেত্রে প্রতিটি অংশগ্রহণকারী দলের অন্তত একজন সদস্যের সার্কেল নম্বর থাকতে হবে।
আগের সিজনের সাফল্যকে সামনে রেখে এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও এগিয়ে নিতে চায় সার্কেল। আয়োজকদের তথ্যমতে, আগের সংস্করণে ২ হাজার ৫০০-এর বেশি গেমার অংশ নিয়েছিলেন। সেই আসরের গ্র্যান্ড ফাইনালের লাইভস্ট্রিম ইউটিউবের পাবজি মোবাইল ক্যাটাগরিতে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছিল। সরাসরি সম্প্রচারটি উপভোগ করেছিলেন ৭ লাখেরও বেশি দর্শক। পাশাপাশি টুর্নামেন্টকে ঘিরে তৈরি বিভিন্ন কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ কোটির বেশি ভিউ অর্জন করে।
দেশের গেমিং কমিউনিটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে সার্কেল। এ খাতের বিকাশে মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং পডকাস্ট এবং এ ওয়ান ই-স্পোর্টসের সঙ্গে অংশীদারিত্বের মতো উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া কোডাশপ ও মিডাসবাইসহ ৮০টিরও বেশি গেমিং সেবার সঙ্গে সংযুক্তি, ডেডিকেটেড গেমিং ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্সের মাধ্যমে ইন-গেম পারচেজ সুবিধা দিয়ে গেমারদের সহায়তা করে আসছে ব্র্যান্ডটি।
টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। এ কারণেই গেমাররা সার্কেলের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছেন। সার্কেল গেমিং এরিনার মাধ্যমে আমরা এই প্রতিভাবানদের জন্য আরও বড় একটি মঞ্চ তৈরি করে দিচ্ছি এবং এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছি, যা তাদের সঙ্গে সঙ্গে বিকশিত হবে।”
আগ্রহী গেমাররা ‘মাই সার্কেল অ্যাপ’ খুলে সেখানে থাকা ‘সার্কেল গেমিং এরিনা’ ব্যানারে ক্লিক করে নিবন্ধন করতে পারবেন। এরপর পছন্দের গেমিং ক্যাটাগরি নির্বাচন করে দলের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে ইমেইলের মাধ্যমে অংশগ্রহণকারীরা সার্কেলের ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
‘সার্কেল গেমিং এরিনা ফেস্ট’-এর মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ল্যান ফরম্যাটে। তবে ফাইনালের তারিখ, ম্যাচের সময়সূচি এবং সরাসরি সম্প্রচারের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে সার্কেলের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে জানানো হবে।



