নরওয়েতে স্মার্ট গ্লাসে নিষেধাজ্ঞা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সমর্থিত স্মার্ট গ্লাসের ক্রমবর্ধমান ব্যবহার এবং গোপনীয়তা নিয়ে বিশ্ব জুড়ে তৈরি হওয়া উদ্বেগের কারণে এসব ডিভাইস নিষিদ্ধ করার একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে নরওয়ে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্ক, সৈকত, জাদুঘর, শপিংমল, স্কুল, ডে-কেয়ার সেন্টার, চিকিৎসাকেন্দ্র, জিম এবং বিভিন্ন জনসমাগমস্থলে ক্যামেরা ও অডিও রেকর্ডিং সুবিধা থাকা এই চশমাগুলোর ব্যবহার বন্ধে একটি বিল আনা হচ্ছে।
দেশটির ডিজিটালবিষয়ক মন্ত্রী টরগেইর মাইকেলসেন এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নাগরিকরা যাতে এমন কোনো সমাজে বসবাস না করেন, যেখানে তারা নিজেদের অজান্তেই প্রতিনিয়ত ভিডিও বা অডিও রেকর্ডিংয়ের শিকার হচ্ছেন, সে জন্যই এই পদক্ষেপ জরুরি।
সরকারের নেতৃত্বে থাকা নরওয়ের লেবার পার্টি অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে যত দ্রুত সম্ভব এই বিল পাস করার পরিকল্পনা করছে। একই সঙ্গে একটি বিশেষজ্ঞ দলকে এ বিষয়ে স্থায়ী নীতিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ব জুড়ে বর্তমানে মেটার রে-ব্যান ও ওকলির মতো এআই-সংযুক্ত স্মার্ট গ্লাস জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো দিয়ে ছবি তোলা, ভিডিও করা, ফোনকল এবং এআই প্রম্পট ব্যবহারের সুযোগ থাকায় গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁ, পাব ও সিনেমা হল কর্তৃপক্ষ তাদের নিজস্ব উদ্যোগে এসব ডিভাইস নিষিদ্ধ বা সীমিত করেছে।
অন্যদিকে ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আইন প্রণয়নের চেষ্টা চললেও তা নিয়ে নানা আইনি জটিলতা তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান



