এনভিডিয়ার সিইওর বিরুদ্ধে মামলা

চীনা গুপ্তচরকাণ্ড ঘিরে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের কথিত সম্পর্কের বিষয়টি বিনিয়োগকারীদের কাছে যথাযথভাবে প্রকাশ করা হয়নি। তারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। জেনসেন হুয়াং তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন। তবে কার সঙ্গে সম্পর্ক ছিল, তা প্রকাশ করেননি।
এদিকে এনভিডিয়া জানিয়েছে, জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এ বিষয়ে এফবিআই তদন্ত করছে। মামলার খবর প্রকাশের পর সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে যায়। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার কমে যায়। শেয়ারহোল্ডাররা মামলায় ক্ষতিপূরণ দাবি করেছেন, যদিও এর নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান



