কোম্পানিগুলোর হাতেই এআই সুরক্ষা

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুরক্ষায় স্বেচ্ছাসেবী মানদণ্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ওপেনএআই, অ্যানথ্রোপিক, মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা স্বাধীন নিরীক্ষকদের সঙ্গে কাজ করতে এবং এআই সিস্টেমের অপব্যবহার রোধে সম্মত হয়েছেন। এর মাধ্যমে কার্যত এআই সুরক্ষার বিষয়টি ট্রাম্প প্রশাসন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরই ছেড়ে দিলেন।
সাম্প্রতিক কালে এআই এজেন্টদের অনিয়ন্ত্রিত আচরণ এবং অন্যান্য সিস্টেম হ্যাক করার ঘটনায় প্রশাসনের ওপর চাপ বেড়েছে। পাশাপাশি বিপুল বিদ্যুৎ চাহিদা ও স্থানীয় প্রভাবের কারণে দেশ জুড়ে ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে তীব্র সমালোচনা ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে ট্রাম্প ডেটা সেন্টার সম্প্রসারণের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, এ খাতের কোম্পানিগুলো স্থানীয় সম্প্রদায়গুলোর কল্যাণে বড় ধরনের অবদান রাখবে।
বৈঠক শেষে ট্রাম্প এআই সুরক্ষার জন্য একটি ১০ সদস্যের বোর্ড গঠন এবং নতুন ‘নীতি প্রধান’ নিয়োগের চিন্তাভাবনার কথা জানিয়েছেন। সাধারণ মানুষের সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে একটি নতুন এআই টুলও চালু করেছে ট্রাম্প প্রশাসন। সূত্র: রয়টার্স



