তিনটি কোম্পানির ওয়েবসাইট হ্যাক করেছে জেমিনাই

ছবি: রয়টার্স
সাইবার-নিরাপত্তা সক্ষমতার পরীক্ষা চালানোর সময় তিনটি কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে গুগলের এআই মডেল জেমিনাই। গুগল জানিয়েছে, এটিই জেমিনাইর করা প্রথম হ্যাকের ঘটনা।
গুগলের এক কর্মকর্তা জানিয়েছেন, জেমিনাই অনলাইনে থাকা তথ্য বিশ্লেষণ করে কোম্পানির ওয়েবসাইটে প্রবেশের আইডি পাসওয়ার্ড অনুমান করেছে। জেমিনাই একে সাইবার-নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার অংশ বলে মনে করেছে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিটি ক্ষেত্রেই ওয়েবসাইটে প্রবেশের পরেও জেমিনাই ‘থেমে গিয়েছিল’।
সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই অননুমোদিত প্রবেশের বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে গুগল।
এআই প্রযুক্তি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ ও আলোচনার মধ্যেই জেমিনাইর এ ঘটনাটি সামনে এলো। কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান মানবতার জন্য সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে এআই-এর উন্নয়নের গতি কমিয়ে আনার আহ্বান জানাচ্ছে। তবে এ বিষয়ে একমত নয় সব কোম্পানি।
সম্প্রতি অন্যান্য এআই সিস্টেমের ক্ষেত্রেও অননুমোদিত প্রবেশের এমন ঘটনার কথা জানা গেছে। জুলাই মাসে অ্যানথ্রোপিকের ‘ক্লড’ নির্ধারিত পরীক্ষা থেকে বেরিয়ে এসে নিজে থেকেই তিনটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল। এর ঠিক কয়েক দিন আগেই ওপেনএআই জানিয়েছিল, তাদের মডেলগুলো সাইবার-হামলা চালিয়েছে।
সূত্র: বিবিসি



