এআই বিষয়ে একমত স্যান্ডার্স-ব্যানন

বার্নি স্যান্ডার্স ও স্টিভ ব্যানন
যুক্তরাষ্ট্রের প্রগ্রেসিভ সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত স্টিভ ব্যানন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর ওপর কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। এআই প্রযুক্তির সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে দুই রাজনৈতিক প্রতিপক্ষের এই ঐকমত্য ওয়াশিংটনে অভূতপূর্ব আলোচনার জন্ম দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
নিয়ন্ত্রণহীন এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এ দুই নেতা চাকরি হারানো, নিরাপত্তা ঝুঁকি ও গুটিকয়েক প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ার মতো বিষয় তুলে ধরেন। এক অনুষ্ঠানে বার্নি স্যান্ডার্স বলেন, এআই কোটি কোটি মানুষের চাকরি কেড়ে নিতে পারে এবং তরুণদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশ কঠিন করে তুলতে পারে। তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মানবজাতির জন্য বিপর্যয়কর হতে পারে। বিশেষ করে এআই ব্যবহার করে নতুন ভাইরাস তৈরির মতো ঘটনা বিশ্ব মহামারী ও কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। এ সময় স্যান্ডার্স চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকে এআই বিকাশ সাময়িকভাবে স্থগিত করতে চুক্তির আহ্বান জানান।
অন্যদিকে, ট্রাম্পের এআই নীতি ও প্রযুক্তি কোম্পানিগুলোর প্রভাবের সমালোচনা করে স্টিভ ব্যানন বলেন, এআইর গতি ধীর করতে কংগ্রেসের আইন পাসের চেয়ে নির্বাহী পদক্ষেপ নেওয়া বেশি জরুরি। তিনি স্যান্ডার্সের বক্তব্যের প্রশংসা করে জানান, এআইর ঝুঁকি মোকাবিলায় মার্কিন রাজনীতিকে দলীয় সীমানা ছাড়িয়ে এক হতে হবে। এ ছাড়া তিনি চীনকে মার্কিন চিপ সরবরাহ থেকে বিচ্ছিন্ন করার পক্ষেও জোরালো মত দেন।
বিশ্লেষকদের মতে, দুই নেতার যৌথ অবস্থান এআই সুরক্ষায় কঠোর সরকারি পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



