আগ্নেয়গিরির উত্তাপে ডিম ফোটায় যে পাখি

অলংকরণ করেছেন রজত
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের ঘন জঙ্গলে বাস করে এক আশ্চর্য পাখি। নাম তার মালেও। সেই পাখির পরিচয় করিয়ে দিচ্ছেন আব্দুস সাত্তার সুমন
দেখতে অনেকটা মুরগির মতো। কালচে মাথা, গাঢ় বুক, বাদামি-কালো পিঠ আর লম্বা পা। তবে অন্য পাখিদের চেয়ে তার জীবনযাপনের ধরন একেবারেই আলাদা।
মালেও পাখির মা কিংবা বাবা— কেউই ডিমে তা দেয় না। এমনকি ডিম পাহারা দেওয়ার জন্যও তারা বাসায় বসে থাকে না। তাহলে কীভাবে জন্ম নেয় তাদের ছানা?
এর উত্তর লুকিয়ে আছে আগ্নেয়গিরির উত্তপ্ত বালুর নিচে।
একদিন সকালে স্ত্রী মালেও আগ্নেয়গিরির কাছের বালুময় এলাকায় এসে উপযুক্ত জায়গা খুঁজতে লাগল। পায়ের নখ দিয়ে বালু সরিয়ে মাটির তাপ পরীক্ষা করল। মাটির নিচে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে— এমন জায়গা তার পছন্দ। তবে স্থানভেদে এই তাপমাত্রা কমবেশি হতে পারে।
একটি জায়গা পছন্দ হওয়ার পর মাটি খুঁড়ে গভীর গর্ত করল সে। তারপর সেখানে পাড়ল বিশাল একটি ডিম। সেটি সাধারণ মুরগির ডিমের চেয়ে প্রায় চার গুণ বড়। এর খোলস বেশ শক্ত এবং ভেতরের বড় কুসুমে রয়েছে ছানার বেড়ে ওঠার জন্য প্রচুর পুষ্টি।
ডিম পাড়া শেষ হলে বালু দিয়ে গর্তটি ঢেকে দিল মা মালেও। তারপর আর পেছনে ফিরে তাকাল না। বাবা মালেওরও ডিমে তা দেওয়ার কোনো দায়িত্ব নেই!
মাটির নিচে ডিমটি পড়ে রইল। আগ্নেয়গিরির কাছের উষ্ণ বালু ও মাটির প্রাকৃতিক তাপে ধীরে ধীরে ডিমের ভেতরে বেড়ে উঠতে লাগল ছোট্ট ছানা। বাইরে থেকে কেউ বুঝতেই পারল না, মাটির গভীরে একটি নতুন প্রাণ জন্মের অপেক্ষায় রয়েছে।
দিনের পর দিন কেটে গেল। একসময় ডিমের ভেতরে ছানাটির শরীর পূর্ণতা পেল। ছোট্ট ঠোঁট দিয়ে শক্ত খোলসে ঠোকর দিতে শুরু করল সে। অনেক চেষ্টার পর খোলস ভেঙে বেরিয়ে এলো।
এখানেই শেষ নয়; তার মাথার ওপর তখনো রয়েছে মাটির পুরু স্তর। এবার নিজের চেষ্টায় সেই মাটি ঠেলে ওপরে উঠতে হবে।
ছানাটি পা দিয়ে বালু সরাতে লাগল। কখনো মাথা দিয়ে ঠেলছে, কখনো ছোট্ট পা দুটি দিয়ে মাটি খুঁড়ছে। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে বালুর ওপর দেখা দিল ছোট্ট একটি গর্ত। প্রথমে মাথা, তারপর পুরো শরীর নিয়ে পৃথিবীর আলোয় বেরিয়ে এলো সে।
কী অদ্ভুত তার জন্ম!
মা-বাবার কোনো সাহায্য ছাড়াই
ডিমের খোলস ভেঙে, মাটির
গভীর থেকে নিজের চেষ্টায়
উঠে এসেছে ছোট্ট পাখিটি। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই সে হাঁটতে পারে,
খাবার খুঁজতে পারে এবং বনের
পথে চলতে শুরু করে।
চারদিকে তাকিয়ে ছানাটি দেখল বিশাল আকাশ, সবুজ গাছপালা আর অচেনা বন। একটু দূরে শুকনো পাতার নিচে একটি পোকা নড়ছিল। ছোট্ট ঠোঁট বাড়িয়ে সেটি তুলে নিল সে। তারপর ধীরে ধীরে বনের ঝোপের দিকে এগিয়ে গেল।
তার কোনো বাসা নেই। মা-বাবার কাছ থেকে খাবার নেওয়ার অপেক্ষাও নেই। জন্মের প্রথম দিন থেকেই তাকে নিজের মতো করে বেঁচে থাকার পথ খুঁজে নিতে হয়।
এভাবেই বড় হয় মালেও পাখি। একদিন এই ছোট্ট ছানাও বড় হবে। আবার কোনো এক আগ্নেয়গিরির কাছের উষ্ণ মাটিতে নিজের ডিম পুঁতে রাখবে। সেই ডিমের ভেতর থেকেও জন্ম নেবে আরেকটি মালেও ছানা।
মাটির গভীরে ডিম পাড়া, প্রাকৃতিক তাপে ডিম ফোটা আর নিজের চেষ্টায় মাটি ভেদ করে পৃথিবীতে উঠে আসা— মালেও পাখির জীবনের এই বিস্ময়কর গল্প প্রকৃতির এক অসাধারণ নমুনা।



