ক্রাইম থ্রিলার
দ্য ডেভিল অব নানকিং

কিছু শহরের ইতিহাসে এমন কিছু অধ্যায় থাকে, যা সময়ের সঙ্গে মুছে যায় না। চীনের নানকিং শহরকে ঘিরে এমনই এক ভয়ংকর অতীত, যেখানে ইতিহাস, নিষ্ঠুরতা, নিখোঁজ মানুষ আর এক রহস্যময় হত্যাকাণ্ড মিলেমিশে তৈরি করেছে শিউরে ওঠার মতো কাহিনি। আর সেই অন্ধকার অতীতের অনুসন্ধান নিয়েই মো হেইডারের উপন্যাস ‘দ্য ডেভিল অব নানকিং’।
২০০৪ সালে প্রকাশিত ব্রিটিশ লেখক মো হেইডারের এই উপন্যাস অপরাধ, মনস্তাত্ত্বিক রহস্য ও ঐতিহাসিক বিভীষিকার এক অস্বস্তিকর মিশ্রণ। এর গল্পের কেন্দ্রে রয়েছে গ্রে নামের এক তরুণী, যে একটি ভয়ংকর ঐতিহাসিক ঘটনার সত্য অনুসন্ধানে জাপানের টোকিও শহরে আসে। তার হাতে রয়েছে একটি পুরনো ভিডিওর সূত্র।
একটি তথ্যচিত্রের উপাদান খুঁজতে গিয়ে সে বুঝতে পারে, এই শহরের অতীত শুধু ইতিহাসের বইয়ে আটকে নেই। সেই অতীতের কিছু ভয়ংকর স্মৃতি এখনো মানুষের জীবনে ছায়া ফেলে রেখেছে।
অনুসন্ধানের পথে গ্রের পরিচয় হয় নানা রহস্যময় মানুষের সঙ্গে। তাদের প্রত্যেকের জীবনেই রয়েছে গোপন অধ্যায়, অস্বস্তিকর স্মৃতি কিংবা এমন কিছু সত্য, যা প্রকাশ্যে আসুক— তারা তা চায় না। ধীরে ধীরে গ্রে জড়িয়ে পড়ে টোকিওর অপরাধজগতের সঙ্গে। তার অনুসন্ধান যত গভীর হয়, বিপদের আশঙ্কাও তত বাড়তে থাকে। একসময় সত্য জানার আকাঙ্ক্ষা আর নিজের নিরাপত্তার মধ্যে কঠিন লড়াই শুরু হয়।
উপন্যাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পটভূমি ১৯৩৭ সালের নানকিং হত্যাযজ্ঞ। দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় জাপানি বাহিনী শহরটি দখল করার পর সেখানে সংঘটিত হয়েছিল ভয়াবহ হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও ব্যাপক ধ্বংসযজ্ঞ। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। ইতিহাসে এই ঘটনা ‘নানকিং ম্যাসাকার’ বা ‘রেপ অব নানকিং’ নামে পরিচিত। সেই ভয়াবহ ঐতিহাসিক ক্ষতকে কেন্দ্র করেই লেখক নির্মাণ করেছেন রহস্য, আতঙ্ক ও মনস্তাত্ত্বিক টানাপড়েনে ভরা কাহিনি।



