অতিপ্রাকৃত
বরফে হারিয়ে যাওয়া মেয়েটি

গ্রাফিকস: আগামীর সময়
সিকিম ভ্রমণের পঞ্চম দিনে গ্যাংটক থেকে আমরা পৌঁছে গেলাম লাচুং। সেখানে যেন সময় থমকে আছে। লাচুংয়ে গিয়ে বরফের শুভ্র পাহাড়ের অপার্থিব সৌন্দর্যের সঙ্গে যে অশরীরীর অভিজ্ঞতা হবে, সে কিন্তু কল্পনাতেও ভাবিনি!
আমরা উঠেছিলাম একটি হোম স্টেতে। ছোট্ট, ছিমছাম এক বাড়ি। সেই রাতে তাপমাত্রা নেমেছিল হিমাংকের নিচে। হাড় কাঁপানো সেই ঠান্ডার রাতে ডিনারটা হলো গরম ভাত, মুরগির ঝোল ঝোল তরকারি দিয়ে; সঙ্গে ছিল ঘন ডান ও সবজি।
জম্পেশ এক ডিনারের পর আমরা কয়েকজন বাইরে গেলাম আশপাশে একটু ঘুরে দেখতে। হোম স্টের সামনেই চুলা জ্বালিয়ে পাকোরা বিক্রি করছিলেন এক দিদি।
ধোঁয়া ওঠা গরম গরম পাকোরাটা ছিল দারুণ। হু হু করে বইছে হিমেল হাওয়া; বরফ পড়ার শব্দ ছাড়া আর কিচ্ছু শোনার উপায় নেই।
হঠাৎ দিদি বলে উঠলেন, একটা কথা বলি? ভয় পাবে না তো?
আমরা একটু নড়েচড়ে বসলাম। দিদি বললেন, তোমরা যে বাড়িতে উঠেছ, সেখানে সেবাং নামের এক মেয়ে ছিল। ভারী মিষ্টি মেয়ে। পড়াশোনার দিকে ঝোঁক ছিল অনেক। আশপাশে তো তেমন ভালো স্কুল নেই। বরফে ঢাকা অনেকটা পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়া-আসা করত।
সেই স্কুলে যাওয়াই কাল হলো তার। প্রচণ্ড তুষারঝড়ে সেবার পুরো এলাকার করুণ দশা। মা-বাবার অনেক বারণ সত্ত্বেও সে স্কুলে গেল। আর ফেরার পথেই ঘটল দুর্ঘটনা। ঝড়ের মধ্যে পড়ে সেবাং। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পাহাড়ের ঢালে বরফের নিচে মেলে তার শীতল দেহ।
আমরা বললাম, তারপর? দিদি আর কিছু বললেন না। ঘরে গিয়ে ঘুমানোর পরামর্শ দিলেন। ভালোভাবে যেন দরজা-জানালা বন্ধ থাকে। আর রাতের বেলায় বাইরে থেকে কেউ ডাকলে যেন বের না হই।
বুঝতে পারলাম, তিনি কিছু একটা গোপন করছেন।
রাত তখন ৩টা। বাইরে তুমুল ঝড় চলছে। হুট করে ঘুমটা ভেঙে গেল। কোনো কারণ ছাড়াই মনে হলো, ঘরের বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে আর খিলখিল করে হাসছে।
দরজার কাছে এগিয়ে গেলাম। কান পেতে শোনারও চেষ্টা করলাম, কে আছে ওপারে।
সেখানেই ছোটখাটো একটি ধাক্কা খেলাম। বাচ্চা একটি মেয়ের হাসির শব্দ! সে হাসছে আর দৌড়াচ্ছে! শব্দটা বারবারই খুব কাছে থেকে
কিছু একটা যেন আমাকে টানছিল। দরজাটা খুলে দেখ! কীভাবে যে নিজেকে ধরে রেখে আমি দরজার সামনে থেকে ফিরে এলাম, সেটি ভাবলে এখনো অবাক লাগে। এবার হাসির বদলে শুরু হলো গোঙানি। একসময় পাহাড় চিরে বেরিয়ে এলো সূর্য। ভোর যে এত আনন্দ বয়ে আনতে পারে, সে আগে বুঝিনি! নিচের ঝাড়ু দিচ্ছিল হোম স্টের মালিকের ছেলে। তাকে বেশ কড়া ভাষায় জিজ্ঞাসা করলাম, রাতে বাইরের কোনো বাচ্চা মেয়ে এখানে এসেছিল?
প্রশ্নটা তাকে করার সঙ্গে সঙ্গেই মুখটা কালো হয়ে গেল, চোখেমুখে ভয়। কিছুটা অস্বস্তি নিয়ে বললাম, তোমার বোনের ব্যাপারটা আমি জানি। বরফের সেই দুর্ঘটনায় সে মারা যায়।
কিছু না বলে শুধু তাকিয়ে রইল সে।



