অতিপ্রাকৃত
ভুতুড়ে ট্রাক

গ্রাফিকস: আগামীর সময়
ট্রাকটি আমাদের গাড়ির ঠিক সামনে চলছিল। আমাদের চালক বারবার হর্ন দিলেও সাইড দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না চালকের! গাড়ির ভেতর বিরক্তি ছড়িয়ে পড়ল। ড্রাইভার জানালা খুলে গলা বের করে চেঁচাতে লাগলেন। গাড়িতে থাকা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের জন্য হয়তো গালিও দিতে পারছিলেন না। হঠাৎ মড়মড় করে কিছু একটা ভাঙার আওয়াজে তন্দ্রা ছুটে গেল। হেডলাইটের তীব্র আলোয় দেখা গেল, ট্রাকচাপায় ভেঙে যাওয়া গাছের ডালপালা পড়ে আছে রাস্তায়!
বহু বছর আগের কথা। প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছি। ১০-১২ জনের লটবহর নিয়ে মাইক্রোবাস ভাড়া করে রাজধানীযাত্রার উদ্দেশ্য বউভাতের নিমন্ত্রণ রক্ষা করা। মালিবাগের এক কমিউনিটি সেন্টারে খাওয়া-দাওয়া শেষ হতে রাত ৯টা বেজে গিয়েছিল। গ্রামের মানুষের জন্য রাত ৯টা অনেক রাত। বাড়ি ফিরতে ছয়-সাত ঘণ্টা, মানে প্রায় ভোর হয়ে যাবে। মাইক্রোবাসের সামনের সিটে বাবার সঙ্গে বসেছি।
ময়মনসিংহ শহর ছাড়িয়ে গাড়ি প্রবেশ করল টাঙ্গাইল মহাসড়কে। পথে পেরোতে হবে মধুপুরের গড়। শুনেছি, এই জঙ্গলে আছে ডাকাতের ভয়। হরহামেশাই রাস্তায় গাছ ফেলে গাড়ি আটকে ডাকাতি করে। বাধা দিতে গেলে প্রাণে মেরে ফেলে। এই রাস্তা ছাড়া যাওয়ার কোনো উপায়ও নেই। ডাকাতের কথা শুনে ঘুম ভেঙে গিয়েছিল। কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে মাইক্রোবাস দ্রুতগতিতে এগিয়ে চলেছে মধুপুর গড়ের দিকে। গাড়ির ভেতর তীব্র উত্তেজনা। একপর্যায়ে ড্রাইভার বললেন, ‘আমরা স্পটে আইসা গেছি। দোয়া ধরেন।’
গাড়িতে শুরু হলো প্রার্থনা। সবার মুখ থমথমে। আমি তখন ছোট মানুষ, ঘুমে ঢুলছি। হর্নের শব্দ আর ড্রাইভারের চিৎকারে আবারও ধড়মড়িয়ে উঠলাম। দেখা গেল, সামনে একটি প্রকাণ্ড ট্রাক ধীরে ধীরে এগোচ্ছে। কোনোভাবেই সাইড দিচ্ছে না। আমাদের ড্রাইভার অধৈর্য হয়ে উঠেছেন। কেউ একজন বললেন, ‘ডাকাতের ট্রাক না তো? হয়তো ওদের পছন্দমতো জায়গায় নিয়ে গিয়ে গাড়ি আটকে সব কেড়ে নেবে!’
গাড়িতে ছড়িয়ে পড়ল আতঙ্ক। তখন আমরা মধুপুর গড়ের মাঝামাঝি জায়গায়। এখানে কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে। কয়েক হাত সামনেও কিছু দেখা যাচ্ছে না। তার ওপর সামনে সেই ট্রাক। আমাদের গাড়ি চলছে ধীরে। কেউ কেউ বলছিলেন, গাড়ি ঘুরিয়ে ময়মনসিংহের দিকে ফিরে যেতে। প্রস্তাবটা ড্রাইভারের ঠিক মনে ধরেনি। তিনি ব্যস্ত ট্রাকটাকে ওভারটেক করার চেষ্টায়। অনেকটা সময় ধরে এভাবেই চলছিল ট্রাক বনাম মাইক্রোবাসের লড়াই।
হঠাৎ মড়মড় শব্দ শুনে গাড়ির সবাই সচকিত হয়ে উঠলেন। কুয়াশা ভেদ করে হেডলাইটের আলোয় দেখা গেল, ট্রাকচাপায় একটি গাছ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে রাস্তায়। আমাদের ঘোর কাটতে কয়েক মুহূর্ত সময় লাগল। অথচ ট্রাকটাকে আর দেখা গেল না। ড্রাইভার একমুহূর্ত দেরি না করে ভাঙা ডালপালার ওপর দিয়েই গাড়ি টান দিলেন। একটানে চলে এলাম মধুপুর উপজেলায়। উত্তেজনায় ঘুম কেটে গিয়েছিল। বাকি রাস্তা যতক্ষণ জেগেছিলাম, অনেক উঁকিঝুঁকি মেরেও সেই ট্রাকের হদিস পাইনি। বড়রা বলেছিলেন, ট্রাকটাই হয়তো সেদিন আমাদের বাঁচিয়ে দিয়েছিল!



