ভিন দেশের ভূত
বেইমহোর অভিশপ্ত বাংলো

নাগাল্যান্ডের বেইমহো এক রহস্যময় জনপদ। এক শতাব্দীর বেশি আগে ব্রিটিশ আমলে তৈরি একটি সরকারি বাংলোকে ঘিরে এখানে ছড়িয়ে পড়েছিল এমন এক অদ্ভুত কাহিনি, যার বিবরণ আজও ইতিহাসের পুরনো চিঠি ও ডায়েরির পাতায় রয়ে গেছে।
সময়টা ১৯১৫ সাল। তৎকালীন নাগা হিলস অঞ্চলের প্রত্যন্ত জনপদ বেইমহোতে একটি সরকারি পরিদর্শন বাংলো তৈরি করার সিদ্ধান্ত নেন মহকুমা আধিকারিক জে এইচ হাটন। কিন্তু বাংলো তৈরির আগেই স্থানীয় বাসিন্দারা তাকে সতর্ক করেছিলেন, জায়গাটি অশুভ। কাছের তিজু নদীতে ডুবে মারা যাওয়া এক ব্যক্তির আত্মা নাকি ওই এলাকার সঙ্গে জড়িয়ে রয়েছে। সন্ধ্যার পর ওই জায়গার আশপাশে অস্বাভাবিক কিছু ঘটনার কথাও স্থানীয়দের মুখে শোনা যেত।
তবে সরকারি কাজের সুবিধার কথা ভেবে হাটন স্থানীয়দের সতর্কবার্তায় বিশেষ গুরুত্ব দেননি। তৈরি হয়ে গেল বাংলো। কাঠের মেঝে, বাঁশের বোনা দেয়াল, সামনে ছোট বারান্দা— পাহাড়ি অঞ্চলের সাধারণ সরকারি বিশ্রামাগারের মতোই দেখতে ছিল সেটি।
কিন্তু কয়েক মাসের মধ্যেই বাংলোটি ঘিরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। এক রাতে ওই বাংলোতে থাকতে এলেন স্বয়ং জে এইচ হাটন। বাংলোর পশ্চিম দিকের একটি ঘরে শুয়েছিলেন তিনি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল তার।
প্রথমে মনে হয়েছিল, ঘরের ভেতরে কেউ যেন নড়াচড়া করছে। চোখ খুলতেই মেঝের দিকে তাকিয়ে যা দেখলেন, তাতে তার শরীরের রক্ত যেন জমে গেল।
একটি ছোট্ট অবয়ব! মানুষের শিশুর মতো দেখতে। কিন্তু তার মাথাটি অস্বাভাবিক বড়। মুখের গঠন বিকৃত। হাত-পা দিয়ে মেঝেতে ভর করে সেটি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে।
হাটন স্থির হয়ে তাকিয়ে ছিলেন। চিৎকার করার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছিলেন। কয়েক মুহূর্ত পর অবয়বটি ঘরের এক কোণের দিকে এগিয়ে যায়। তারপর কীভাবে যেন অদৃশ্য হয়ে যায়।
সারা রাত আর ঘুমাতে পারেননি তিনি।
হাটনের বদলির পর বাংলোর দায়িত্ব নেন জে পি মিলস। একদিন সরকারি কাজে কোহিমায় গিয়ে হাটনের সঙ্গে দেখা হয় তার। কথায় কথায় মিলস জানতে চান, বেইমহোর বাংলোতে থাকার সময় হাটনের কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছিল কি না।
হাটন যখন নিজের দেখা অবয়বটির কথা খুলে বলেন, মিলস স্তব্ধ হয়ে যান।
কারণ, তিনিও দেখেছিলেন প্রায় একই রকম একটি প্রাণী!
তার বর্ণনায়, সেটি মানুষের শিশুর মতো দেখতে। মাথা অস্বাভাবিক বড়, মুখ বিকৃত। চার হাত-পায়ে হামাগুড়ি দিয়ে ঘরের মেঝে পেরিয়ে সেটি বাঁশের বোনা দেয়ালের দিকে এগিয়ে যায়। তারপর দেয়ালের মধ্য দিয়েই যেন অদৃশ্য হয়ে যায়!
সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, দুজন আলাদা সময়ে যে অবয়ব দেখেছিলেন, তার বর্ণনা প্রায় একই। এমনকি তারা আলাদা করে সেই অবয়বের ছবি আঁকলেও দুটির মধ্যে আশ্চর্য মিল পাওয়া যায়।
এরপরই তারা সিদ্ধান্ত নেন, অন্য কাউকে ওই বাংলোয় পাঠানো হবে। দেখা হবে, তারও একই অভিজ্ঞতা হয় কি না।
পরীক্ষার অংশ হিসেবে বাংলোয় পাঠানো হয় বন বিভাগের আধিকারিক মেইকলজন এবং চিকিৎসক এন এলো বোরকে।
মেইকলজনের কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা হয়নি। কিন্তু চিকিৎসক বোরের ঘটনা ছিল অন্য রকম। কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে যায়। কী দেখেছিলেন তিনি, তা স্পষ্ট করে কখনো জানাননি। শুধু জানিয়েছিলেন, এমন এক অসহনীয় আতঙ্ক তাকে গ্রাস করেছিল যে বাংলোয় রাত কাটানোর সাহস আর হয়নি। বিকালেই নিজের জিনিসপত্র গুছিয়ে আরও প্রায় ১২ মাইল পথ হেঁটে অন্য একটি বাংলোর উদ্দেশে রওনা দেন তিনি।
বেইমহোর বাংলোর ঘটনা এখানেই শেষ নয়; স্থানীয়দের মুখে প্রচলিত নানা অস্বাভাবিক অভিজ্ঞতার মধ্যে একটি কাহিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেক বছর পরের ঘটনা। পাহাড়ের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা থেমসু। বয়স তখন প্রায় ৫০। শীতের রাত। পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন প্রায় সাড়ে ১১টা। সঙ্গে একটি পুরনো টর্চ আর কাঁধে কাপড়ের ব্যাগ।
পাহাড়ি পথের একদিকে গভীর খাদ, অন্যদিকে ঘন জঙ্গল। হঠাৎ রাস্তার একটি বাঁকে এসে থমকে দাঁড়ালেন। সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সাদা পোশাক পরা এক নারী। মহিলাটি মাথা নিচু করে দাঁড়িয়ে। লম্বা চুলে মুখ ঢাকা। চারপাশে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, অথচ তার চুলের একটি অংশও নড়ছে না। থেমসু দূর থেকেই জিজ্ঞেস করলেন, ‘আপনি কি পথ হারিয়েছেন?’
মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। থেমসুর বুকের ভেতরটা হিম হয়ে গেল।
মুখের জায়গায় যেন কিছুই নেই! সেখানে রয়েছে এক গভীর কালো শূন্যতা। তারপরই দেখলেন, মহিলাটি হাঁটছে না। মাটি থেকে সামান্য পরে ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছে।
ভেসে এলো একটি নারীকণ্ঠ—
‘থেমসু... একটু দাঁড়াও।’
প্রাণপণে দৌড়াতে শুরু করলেন তিনি। কিন্তু কিছুদূর গিয়ে একবার পেছনে তাকাতেই তার পা অবশ হয়ে গেল। মহিলাটি তখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। এবার স্পষ্ট দেখা যাচ্ছে, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। মাথাটি অস্বাভাবিকভাবে একদিকে কাত হয়ে রয়েছে।
থেমসু আর পেছনে তাকাননি। কোনোরকমে গ্রামে ফিরে আসেন। পরদিন গ্রামের প্রবীণদের কাছে সব কথা খুলে বলেন।
তাদের মধ্যে একজন বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেছিলেন, পাহাড়ের কিছু নির্দিষ্ট জায়গায় রাতের বেলায় অপরিচিত ডাকের উত্তর দেওয়া উচিত নয়।
দুজন আলাদা আধিকারিক কেন প্রায় একই রকম অবয়ব দেখেছিলেন? চিকিৎসক বোরই বা কী দেখেছিলেন? থেমসু যে রাতে নিজের নাম ধরে ডাকা শুনেছিলেন, সেই কণ্ঠস্বর কার ছিল? বেইমহোর রাতের অন্ধকারে আজও নানা রহস্যময় ঘটনার কথা শোনা যায়। কারও কারও মতে, সেগুলোর বছর আগের সেই ঘটনাগুলোর যোগসূত্র আছে।



