পুরান ঢাকার ভূত
তোমার নাম কী

আঁকা : ফারজিন
পুরান ঢাকার এক বাড়ি ঘিরে দানা বেঁধেছিল রহস্য। এক তরুণীকে দেখা দিতেন এক বৃদ্ধা। কী চাইতেন তিনি?
গল্পটা আমার খালার। তার নাম বলব না। সংগত কারণেই বলব না। কারণটা আপনি পড়তে পড়তেই বুঝে ফেলবেন। ঘটনা প্রায় ৪০ বছর আগের। জায়গা আমার নানুর বাড়ি, চকবাজার। বাড়িটা তখনই প্রায় দেড়শ বছরের পুরনো। ইট-সুরকির গাঁথুনি, দেয়ালে শ্যাওলার দাগ, সিঁড়ির ধাপ ক্ষয়ে গিয়ে বাটির মতো গর্ত হয়ে গেছে। এই বাড়ির নকশাটা একটু বুঝিয়ে বলি, কারণ নকশাটাই আসলে এই গল্পের প্রধান চরিত্র।
বাড়ির চারদিকে ১২ ফুট উঁচু দেয়াল। দেয়ালের ভেতরে চার ফুট চওড়া একটা ফাঁকা করিডর, বাড়িটাকে ঘিরে আছে আংটির মতো। করিডরের মাথার ওপর ছাদ নেই। আকাশ দেখা যায়। রাতে তারা, বর্ষায় বৃষ্টি। এক কোণে বাড়িতে ঢোকার দরজা। ঠিক উল্টো কোণে বাথরুম। তখনকার দিনে এই অঞ্চলে ঘরের ভেতর বাথরুম বানানোর কথা কেউ ভাবত না।
তার মানে, রাতে দরকার পড়লে হারিকেন হাতে দরজা খুলে বেরোতে হতো। তারপর হাঁটা। ডানে গেলেও বাঁক, বাঁয়ে গেলেও বাঁক। বাঁকের ওপাশে কী আছে, আগে থেকে দেখার উপায় নেই। চার ফুট জায়গায় দুজন মানুষ মুখোমুখি হলে একজনকে গা বাঁচিয়ে দাঁড়াতে হয়। ভেবে দেখুন ব্যাপারটা। বিশেষ করে ঝড়ের রাতে, যখন হাওয়া এসে করিডরের ভেতর ঘুরপাক খায় আর মনে হয়, পুরো বাড়িটাই একটা বড় কুয়ো, আকাশ তার মুখ।
খালার বয়স তখন সতেরো-আঠারো। ছিল অসম্ভব ভীতু। তেলাপোকা দেখলে চেঁচাত, অন্ধকার দেখলে চোখ বন্ধ করত। কপালের ফের, এমন মেয়ের ভাগ্যেই পড়েছে এই বাড়ি।
ঘটনাটি প্রথম ঘটে এক গভীর রাতে। খালা হারিকেন হাতে বাথরুমে যাচ্ছেন। বাঁয়ের বাঁকটা ঘুরতেই হারিকেনের আলো যেখানে ফুরিয়েছে, ঠিক সেখানে কেউ একজন দাঁড়িয়ে। শাড়ি পরা এক মহিলা। মুখ দেখা যায় না, আলো সেখানে পৌঁছায় না। খালা থমকে গেলেন। মহিলা খুব নরম গলায়, প্রায় ফিসফিস করে বললেন, ‘তোমার নাম কী, মা?’
খালা উত্তর দিতে পারলেন না। গলা দিয়ে শব্দ বেরোলে তো! মহিলা অপেক্ষা করলেন। তারপর ঠিক একই সুরে আবার বললেন, ‘তোমার নাম কী, মা?’ খালা পেছন ফিরে ছুট দিলেন। দরজায় ধাক্কা দিয়ে আধা বাড়ি জাগিয়ে ফেললেন। সবাই হারিকেন হাতে বেরিয়ে এসে দেখে করিডর ফাঁকা। সদর গেটে ভেতর থেকে তালা। তালা খুলে কেউ ঢোকেনি, তালা লাগিয়ে কেউ বেরোয়নি।
এভাবেই শুরু। তারপর বছরের পর বছর। ঘটনা ঘটত বছরের একটা নির্দিষ্ট সময়ে, রোজা আসার ঠিক দুমাস আগে থেকে কোরবানির ঈদের মাসখানেক পর পর্যন্ত। এর বাইরে এক রাতও না। আর ঘটত শুধু তখনই, যখন খালা একা। ভদ্রমহিলা কখনো হাত বাড়াননি, গলা চড়াননি। শুধু জিজ্ঞেস করতেন। ভয় দেখানো মানুষকে চেনা সহজ, সে ভয় দেখানোর জন্য কিছু একটা করে। নারীটি কিছুই করতেন না। দাঁড়িয়ে থাকতেন আর নামটা জানতে চাইতেন।
হারিকেনের আলো যেখানে ফুরিয়েছে, ঠিক সেখানে কেউ একজন দাঁড়িয়ে’
বাড়ির সবচেয়ে যুক্তিবাদী মানুষ ছিলেন বড় মামা। ভূত-প্রেতের নাম শুনলে হাসেন, তবে অবিশ্বাস করেন না পুরোপুরি। পরদিন সকালে তিনি দেয়াল পরীক্ষা করলেন। ১২ ফুট খাড়া দেয়াল, মাথায় ভাঙা কাচ বসানো। মইয়ের দাগ নেই, দড়ির দাগ নেই। শুধু মাটিতে কিছু পায়ের ছাপ। খালি পা, ছোট ছোট। ছাপ শুরু হয়েছে দেয়ালের গোড়া থেকে, করিডর ধরে খানিক গিয়ে আবার দেয়ালের গোড়াতেই শেষ।
বড় মামা বললেন, ‘চোর।’ ছোট মামা বললেন, ‘কোন চোর মাঝরাতে মেয়েদের নাম জিজ্ঞেস করে? বিয়ের সম্বন্ধ করতে আসে?’ বড় মামা তখন বললেন, ‘তাহলে পাগল।’ পাগলরা অনেক অদ্ভুত কাজ পারে, এটা সত্যি। কিন্তু ১২ ফুট দেয়াল? ভাঙা কাচের ওপর দিয়ে? বড় মামা এই প্রশ্নের উত্তর দেননি। পান চিবোতে চিবোতে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলেন।
কয়েক বছর এভাবে গেল। তারপর এক বর্ষার রাতে ভদ্রমহিলার মুখ দেখা গেল। সেদিন ঝড়বৃষ্টি, কারেন্ট নেই, হারিকেন নিভে গেছে। খালা অন্ধকারে দেয়াল ধরে ধরে এগোচ্ছেন। হঠাৎ বিদ্যুৎ চমকাল। এক সেকেন্ডের আলোয় খালা দেখলেন, তার হাতখানেক সামনে এক বৃদ্ধা। ভেজা চুল মুখে লেপ্টে আছে। চোখ দুটো গর্তে বসা। কিন্তু কী আশ্চর্য, সেই চোখে রাগ নেই, হিংসা নেই; আছে শুধু ক্লান্তি। যেন বহুদিন ধরে হেঁটেছেন, এখনো কোথাও পৌঁছাননি।
বৃদ্ধা খালার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ‘আমার মেয়েটার নাকও ঠিক তোমার মতো ছিল।’ এই একবারই তিনি নাম জিজ্ঞেস করলেন না। পরের বিদ্যুৎ চমকে খালা দেখলেন, করিডর ফাঁকা।
মুখ দেখার পর সেই ভয় কমলো না, বরং বাড়ল। বিকালের পর পানি খাওয়া ছেড়ে দিলেন, যাতে রাতে বাথরুম না পায়।
নানুর বাড়ির পুরনো কাজের লোক হাসেম চাচা সব শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই জমিতে এক মা আর তার মেয়ে থাকত। তখন ইট-সুরকির এই বাড়ি বানানো হয়নি। পুরনো কথা, শোনা কথা। মেয়েটি বছরের পর বছর রোগে ভুগে মারা যায়। শেষের দিকে বছরের একটা সময়ে সে নাকি আশ্চর্য রকম ভালো থাকত। উঠে বসত, ভাত খেত। আর ভদ্রমহিলা যেখানে দাঁড়িয়ে নাম জিজ্ঞেস করেন, সেখানে বসে বসে হাসত; শব্দ ছাড়া হাসি। হো হো করে হাসছে, তবে আওয়াজ নেই। এ বাদে ভালোই। কেন ভালো থাকত, বৈদ্য-কবিরাজ কেউ বলতে পারেননি। সময়টা ঠিক কখন, হাসেম চাচার মনে নেই। কিন্তু ঘরের সবাই মনে মনে হিসাব করে ফেলল, হাসেম চাচার লম্বা বর্ণনা শুনে শুনে। রোজার দুমাস আগে থেকে কোরবানির এক মাস পর।
একবার জিজ্ঞেস করেছিলাম, ‘খালা, নামটা বললে কী হতো?’ খালা অনেকক্ষণ চুপ করে রইলেন
শেষ বছরটার কথা বলি, আম্মার মুখে শোনা, আমার অবশ্য তখনো জন্ম হয়নি। খালার প্রথম সন্তান হবে, শেষ মাস চলছে। পুরান ঢাকায় মেয়ের প্রথম সন্তান তখন বাবার বাড়িতে হওয়ার রেওয়াজ।
এ অবস্থায় বারবার বাথরুমে যেতে হয়। সেদিনও বৃষ্টি। কী মনে করে খালা কাউকে ডেকে তোলেননি। অথচ তিনি একা অন্তঃসত্ত্বা অবস্থায় রাতে নড়াচড়ার মানুষ নন। খালা হাতে হারিকেন নিয়ে বেরোলেন। বাঁক ঘুরতেই দেখলেন, তিনি দাঁড়িয়ে আছেন।
এবার ভদ্রমহিলা এগিয়ে এলেন। এক পা, দুই পা। এত কাছে যে খালা তার ভেজা কাপড়ের গন্ধ পেলেন। খুব ধীরে, প্রায় অনুনয় করে বললেন, ‘তোমার নাম কী, মা? শুধু নামটা বলো।’
খালার ভাষায়, জীবনে এত করুণ গলা তিনি শোনেননি। তার ঠোঁট ফাঁক হয়ে গিয়েছিল। নামটা জিভের ডগায় এসে গিয়েছিল। ঠিক তখন ঘরের ভেতর থেকে নানু ডেকে উঠলেন, ‘কোথায় গেলি রে?’ খালা চমকে ফিরে তাকালেন। আবার সামনে তাকিয়ে দেখলেন, বাঁকের ওপাশ ফাঁকা। শুধু বৃষ্টি পড়ছে। দুদিন পর খালার প্রথম সন্তান হলো। তারপর ভদ্রমহিলা আর কোনোদিন আসেননি। এক বছর না, দুই বছর না, কোনোদিনই না।
খালার বয়স এখন ষাটের কাছাকাছি। পুরনো বাসাটা এখন আর নেই। তিনতলা দালান উঠেছে। তবে এখনো সন্ধ্যার পর এ বাসায় বাথরুমে যেতে হলে কাউকে বাথরুমের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখেন।
একবার জিজ্ঞেস করেছিলাম, ‘খালা, নামটা বললে কী হতো?’ খালা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ‘জানি না রে। প্রতিবার নাম বলতে গেলেই কোনো না কোনো বাধায় নামটা আর বলতে পারি নাই। ভয়েই তো আমি শেষ, নাম বলব কী?’



