দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ দীর্ঘকাল ধরেই আঞ্চলিক যোগাযোগের একটি প্রধান কেন্দ্রবিন্দু হওয়ার স্বপ্ন দেখছে। এই স্বপ্নের একটি বাস্তব ও জোরালো রূপ হলো ঢাকা থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়ক ও রেল করিডর। আপাতদৃষ্টিতে এটি অত্যন্ত উচ্চাভিলাষী মনে হলেও বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় এর অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে একটি সম্ভাবনাময় ধারণাকে বাস্তবে রূপান্তর করতে হলে যে ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামোগত প্রস্তুতি এ...