বালতির জন্য যুদ্ধ?

মোদেনার সৈন্যরা বোলোনিয়ার একটি কূপ থেকে এই কাঠের বালতিটি নিয়ে যায় বলে গল্প প্রচলিত আছে। ছবি: মেগাকিউরিওস ডট কম
যুদ্ধের কারণ হিসেবে জমি, সম্পদ, ক্ষমতা কিংবা প্রতিশোধের কথা শোনা যায়। কিন্তু একটি কাঠের বালতি! সেটিকে ঘিরেও কি যুদ্ধ হতে পারে? ইতালির ইতিহাসে এমনই এক বিচিত্র কাহিনি প্রচলিত আছে। ১৩২৫ সালে দেশটির দুই নগররাষ্ট্র বোলোনিয়া ও মোদেনার মধ্যে ভয়াবহ এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নামই হয়ে যায় ‘ওয়ার অব দ্য বাকেট’ বা বালতির যুদ্ধ।
প্রচলিত গল্প অনুযায়ী, মোদেনার সৈন্যরা বোলোনিয়া থেকে একটি কাঠের বালতি চুরি করেছিল। আর সেটি ফিরিয়ে আনতেই নাকি যুদ্ধ শুরু হয়েছিল। তবে ইতিহাসের গল্পটি আসলে একটু ভিন্ন।
ক্ষমতার লড়াইয়ে দুই শহর
মধ্যযুগে ইতালির বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যে আধিপত্য বিস্তার, ভূখণ্ড দখল ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রায়ই সংঘর্ষ হতো। বোলোনিয়া ও মোদেনার বিরোধও ছিল দীর্ঘদিনের। বোলোনিয়া ছিল পোপপন্থী গুয়েলফ গোষ্ঠীর শক্ত ঘাঁটি। অন্যদিকে মোদেনার শাসকেরা ছিলেন সম্রাটপন্থী গিবেলিনদের সমর্থক। এই দুই রাজনৈতিক পক্ষের বিরোধই শহর দুটির সম্পর্ককে সংঘাতপূর্ণ করে রেখেছিল।
১৩২৫ সালের ১৫ নভেম্বর বিরোধ গড়ায় বড় ধরনের যুদ্ধে। মোদেনার কাছাকাছি জাপোলিনো এলাকায় দুই পক্ষের সেনাবাহিনী মুখোমুখি হয়। ইতিহাসে এটি ‘ব্যাটল অব জাপোলিনো’ নামে পরিচিত। যুদ্ধে বোলোনিয়ার বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। মোদেনার সৈন্যরা তাদের হটিয়ে দিয়ে বোলোনিয়ার নগরপ্রাচীর পর্যন্ত পৌঁছে যায়। তবে শেষ পর্যন্ত শহরের ভেতরে প্রবেশ না করেই ফিরে যায় তারা।
বালতি যখন কিংবদন্তি
যুদ্ধের পর বিজয়ের স্মারক হিসেবে মোদেনার সৈন্যরা বোলোনিয়ার একটি কূপ থেকে কাঠের বালতি নিয়ে যায় বলে প্রচলিত আছে। তবে সেই বালতি চুরির কারণেই যুদ্ধ শুরু হয়েছিল, এমন কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। বরং যুদ্ধের পরাজয়ের স্মারক হিসেবেই বালতিটি মোদেনায় নিয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।
বালতির গল্পটি জনপ্রিয়তা পায় প্রায় তিন শ বছর পর। ১৬২২ সালে মোদেনার কবি আলেসান্দ্রো তাসোনি লেখেন ব্যঙ্গাত্মক মহাকাব্য লা সেকিয়া রাপিতা, যার অর্থ ‘চুরি যাওয়া বালতি’। সেখানে তিনি বালতি চুরির ঘটনাকে দুই শহরের যুদ্ধের মূল কারণ হিসেবে তুলে ধরেন। গল্পে বাস্তব ইতিহাসের সঙ্গে কল্পনা মিশিয়ে যুক্ত করেন গ্রিক দেবদেবীদেরও। কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকেই যুদ্ধটি পরিচিত হয়ে ওঠে ‘ওয়ার অব দ্য বাকেট’ নামে।
বালতিটি এখনো মোদেনার টাউন হলের বিশেষ কক্ষে সংরক্ষিত রয়েছে। দেখতে সাধারণ একটি কাঠের পাত্র হলেও সাত শতাব্দীর ইতিহাস ও কিংবদন্তি তাকে দিয়েছে বিশেষ মর্যাদা। একটি যুদ্ধের প্রকৃত কারণ হয়তো ছিল ক্ষমতা ও আধিপত্যের লড়াই, কিন্তু মানুষের স্মৃতিতে সেটি টিকে আছে একটি বালতির গল্প হয়ে!





