ও বইওয়ালা

রায়েরবাজারে নিজের দোকানে গোলাম সারোয়ার স্বপন - ছবি: সাজ্জাদ হোসেন
গোলাম সারোয়ার স্বপনের বইয়ের সঙ্গে সখ্য বহু পুরনো। স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর বিভিন্ন এনজিওতে চাকরি করেন ৩০ বছর। এখন তার পেশা রায়েরবাজারে পুরনো বই বিক্রি করা।
রায়েরবাজারের পুরনো বইয়ের এক দোকান। সামনে সারি সারি বই, কোনোটা মলাট ছেঁড়া, কোনোটার পাতার রঙ হলদেটে, কোথাও আবার জমে আছে বহুদিনের ধুলো। সেই বইয়ের স্তূপের ভেতর বসে আছেন মো. গোলাম সারোয়ার স্বপন। মাথায় পাকা চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। পরনে মলিন শার্ট। কিন্তু চোখে দীর্ঘ পথ পেরিয়ে আসা এক মানুষের ক্লান্তি ও জেদ।
ফেনীর ছেলে স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হন ইংরেজি বিভাগে। থাকতেন সূর্য সেন হলে। কয়েক মাসের মধ্যেই তার সামনে খুলে গেল আরেক পৃথিবী। আশির দশকের শেষভাগের ছাত্ররাজনীতি, আন্দোলন, মিছিল আর রাজনৈতিক উত্তাপ তাকে টেনে নিল নিজের ভেতরে।
ইংরেজি বিভাগে ক্লাস করেছেন প্রায় চার মাস। এরপর রাজনীতির টানে বিভাগ বদলে চলে গেলেন সমাজবিজ্ঞানে। যে মানুষটি ইংরেজি পড়তে বিশ্ববিদ্যালয়ে এসেছেন, তিনি কেন হঠাৎ সমাজবিজ্ঞান পড়বেন? কিন্তু স্বপনের কাছে সেটিই ছিল নিজের পথ খুঁজে নেওয়া।
সমাজবিজ্ঞান পড়তে গিয়ে ডুবে গেলেন অগুস্ত কোঁৎ, হার্বার্ট স্পেন্সার, ম্যাক্স ভেবার, কার্ল মার্ক্সের চিন্তার জগতে। মার্ক্সের ‘দাস ক্যাপিটাল’, শ্রমের উদ্বৃত্ত মূল্য, বিচ্ছিন্নতা তাকে ভাবিয়েছে গভীরভাবে। প্লেটোর শাসক ও অশাসক শ্রেণির ধারণা, নৃতত্ত্ব, বিশ্বসভ্যতার ইতিহাস, নৈতিক দর্শন, বার্ট্রান্ড রাসেল কিংবা টমাস হবসের ‘লেভায়াথান’ জায়গা করে নেয় তার পড়ার তালিকায়। একসময় বই তার কাছে শুধু পাঠ্য ছিল না; হয়ে উঠেছিল জীবনকে বোঝার একমাত্র জানালা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এর মধ্যে এরশাদবিরোধী আন্দোলনেও ছিলেন সক্রিয়। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।
বিসিএস পরীক্ষা দিয়েছেন তিনবার। প্রিলিমিনারি পেরিয়েছেন, লিখিত পেরিয়েছেন, ভাইভা দিয়েছেন, এমনকি মনস্তাত্ত্বিক পরীক্ষাও দিয়েছেন। তবু নাম আসেনি চূড়ান্ত তালিকায়। এক-দুই বছর নয়; প্রায় সাত-আট বছর চাকরির চেষ্টা করেছেন। এর মধ্যেই জীবিকা চালাতে কাজ করেছেন নীলক্ষেতের বইয়ের দোকানে। একদিকে বিসিএসের প্রস্তুতি, অন্যদিকে পুরনো বই বিক্রি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তার সঙ্গে পরিচয় এক তরুণীর। তিনিও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী, স্বপনের চেয়ে দুই বছরের জুনিয়র। সেই পরিচয় ভালোবাসায় গড়ায়। পরে পারিবারিক সম্মতিতে বিয়ে। সংসার শুরু হলো নীলক্ষেতের স্টাফ কোয়ার্টারে। অর্থকষ্ট নিত্যসঙ্গী। তাদের দুই ছেলে। বর্তমানে চাকরির পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ছেন বড় ছেলে। ছোট ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে।
স্বপন সাংবাদিকতায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ থেকে। কিছুদিন অস্থায়ী চাকরি করেন একটি পত্রিকায়। পরে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি থেকে নেন আরেকটি ডিগ্রি। সেখানেই পরিচয় হয় এক নারীর সঙ্গে, যিনি বান্দরবানের লামায় একটি এনজিওতে কাজ করতেন। সেই সূত্রে এনজিওতে যোগ দেন স্বপন। প্রকল্প ব্যবস্থাপক হিসেবে শুরু হয় তার আরেক জীবন। এরপর পার হয় প্রায় ৩০ বছর। দেশি-বিদেশি বিভিন্ন এনজিওতে নানা দায়িত্বে কাজ করেছেন। কিন্তু এত পথ ঘুরে, এত অভিজ্ঞতা সঞ্চয় করে শেষ পর্যন্ত তিনি আবার ফিরে এসেছেন সেই পুরনো জায়গায়— বইয়ের কাছে। দুই বছর ধরে
রায়েরবাজারের টিলাবাড়িতে পুরনো বইয়ের দোকান এখন তার কর্মস্থল। তবে ‘কর্মস্থল’ শব্দটিও যেন পুরোপুরি খাটে না। কারণ, পুরনো বই ঘাঁটা তার কাছে অনেকটা নেশার মতো। কোথাও দুর্লভ কোনো বইয়ের সন্ধান পেলে খুশি হয়ে ওঠেন শিশুর মতো। বইটি হাতে নিয়ে দেখেন, পড়েন, তারপর পড়তে উৎসাহ দেন বোদ্ধা পাঠক কোনো ক্রেতাকে। তার কথায়, বই ঘাঁটার আনন্দটা অন্যরকম। এটি আসে হৃদয়ের ভেতর থেকে।
বই বিক্রি করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতাই হয়। এরকম একটির বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘একদিন এক বাবা এলেন ছোট ছেলেকে নিয়ে বই কিনতে। ছোটদের বিভিন্ন বই উল্টেপাল্টে দেখতে লাগল ছেলে। তারপর একটা একটা করে আলাদা করা শুরু করল কেনার জন্য। বাবাও যেহেতু পড়ুয়া, তিনিও বই বাছাই করতে লাগলেন। এভাবে বড় হতে লাগল কেনার তালিকায় থাকা বইয়ের স্তূপ। শেষমেশ ছোটখাটো একটা বস্তায় পুরে বইগুলো নিয়ে গেলেন তারা। এর পর থেকে বাবা-ছেলে প্রতি হপ্তায় আসেন। আমি মজার বই আলাদা করে রাখি। দুজন মিলে এক বস্তা বই কিনে নিয়ে যায়।’
স্বপন মনে করেন, প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি বই। প্রযুক্তি বদলাবে, বইয়ের আকার বদলাবে, কাগজের বদলে মোবাইল বা ট্যাবের স্ক্রিনে বই পড়া বাড়বে। কিন্তু কাগজের বইয়ের আকর্ষণ হারিয়ে যাবে না।



