রাজ ধনেশের খোঁজে

গ্রাফিকস: আগামীর সময়
সালটা সম্ভবত ২০২২। আমি, মংজয়দা ও মোমেন ভাই মিলে বান্দরবানের আলীকদমের পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়েছিলাম। উদ্দেশ্য, মারাইংতং পাহাড় পাড়ি দিয়ে রোয়াজাপাড়া হয়ে মংলাপাড়া দিয়ে বের হবো। বেশ কয়েক ঘণ্টা তপ্ত রোদে হাঁটার পর ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে ‘শা শা’ শব্দ করে উড়ে চলে গেল একটি রাজ ধনেশ। আমি বললাম, ‘এই পাখিটাকে কতদিন ধরে নিজ চোখে দেখব বলে অপেক্ষা করেছি! ছবি তুলতে পারলে আরও ভালো হতো।’
কয়েক বছর পর। রাত ৩টা বাজে ফোন এলো। স্ক্রিনে তাকিয়ে দেখলাম, মংজয়দা ফোন করেছেন। রিসিভ করতেই দাদা বললেন, ‘তাড়াতাড়ি রেডি হয়ে যান।’
‘কেন, এত রাতে কী হয়েছে? কেউ অসুস্থ নাকি?’
তিনি বললেন, ‘কোনো কিছু হয়নি, আপনি আপনার ক্যামেরাটা নিয়ে বের হবেন। বাসার সামনে বাইক নিয়ে আসছি।’
মিনিট দশেক পর দাদা বান্দরবানের লামায় আমার বাসার সামনে চলে এলেন। প্রায় ৪০ মিনিট পর পৌঁছে গেলাম মারাইংতং পাহাড়ের কাছে। এই পাহাড় প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচু। পাহাড়ের চূড়ায় ওঠার পর আরও দেড় ঘণ্টা ট্র্যাকিং করতে হলো। বেশ কয়েকটা পাহাড়ের চড়াই-উতরাই পাড়ি দিয়ে আমরা রোয়াজাপাড়ার কাছাকাছি চলে গেলাম। বাম পাশে একটা পাহাড়ের চূড়া; দাদা আমাকে সেখানে নিয়ে গেলেন।
বললেন, ‘আজকে এখানে আমরা অপেক্ষা করব।’
তখন প্রায় সাড়ে ৭টা বাজে। দূর থেকে বেশ জোরে জোরে ‘ঘঘ ঘঘ’ শব্দ ভেসে এলো। বুঝতে বাকি রইল না যে এটি রাজ ধনেশের ডাক! কিন্তু পাখিটিকে খুঁজে পেলাম না। বেলা ১১টা বাজে। প্রায় দেড়শ ফুট দূরে একটি বড় গাছ। সেই গাছের একটি ডালে পাতার আড়ালে বসে আছে একটি রাজ ধনেশ। কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটি তুলে নিয়ে কয়েকটা ছবি তুলে ফেললাম। কিন্তু পাতার আড়ালে থাকার কারণে খুব একটা ভালো ছবি পেলাম না।
বুনো বনের দুর্লভ ও রাজকীয় এই পাখিটির বাস এশিয়ার চিরহরিৎ বনে। এদের মাথার ওপর মুকুটের মতো হলুদ-কালো বিশাল শিরস্ত্রাণ থাকে। আকারে এরা বেশ বড় হয়, লম্বায় প্রায় ৯৫ থেকে ১২০ সেন্টিমিটার এবং ডানা মেলে ধরলে দেড় মিটারের বেশি হতে পারে। নির্বিচারে জুম চাষ, পাহাড়ি জঙ্গল ধ্বংস এবং শিকারের কারণে বাংলাদেশে রাজ ধনেশ আজ অত্যন্ত সংকটাপন্ন ও বিলুপ্তির মুখে।
কিছুদিন আগে হঠাৎ খবর পেলাম, নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কের পাশের পাহাড়ে মাঝেমধ্যে বেশ কয়েকটা রাজ ধনেশ দেখা যায়। কিছুদিন পর ফেসবুকে দেখলাম, আসকার রুশো ভাই সেখান থেকে রাজ ধনেশের খুব ভালো ছবি তুলেছেন। সেই ছবি দেখে ঢাকা থেকে বেশ কয়েকজন বার্ড ফটোগ্রাফার যেতে চাইলেন। আমি তাদের নিয়ে গেলাম। সেখানে কয়েকটা জুম ঘর তৈরি করা আছে— বেশ ছোট একটা রিসোর্টের মতো। দুদিন অপেক্ষা করার পর মাত্র একটি রাজ ধনেশের দেখা মিলল। কিন্তু কেউই ভালো ছবি পেল না। তার দুদিন পর আমি হঠাৎ বাইক নিয়ে সেই পাহাড়ে চলে গেলাম। সেখানে আগে থেকেই ছিলেন ইশতিয়াক ভাই, সুমন ভাই, নিয়াজ মোরশেদ স্যার ও তার সহধর্মিণী। সবাই রাজ ধনেশের ছবি তোলার জন্য এসেছেন। সকাল থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে। প্রায় ১২টা বাজতে চলেছে তখন। হঠাৎ করেই নিয়াজ স্যার ইশারা করলেন, হাতের বাম দিক থেকে ধনেশগুলো উড়ে আসছে!
আমাদের হৃৎপিণ্ড তখন থমকে যাওয়ার উপক্রম। বুক কাঁপানো টানটান উত্তেজনা! সবাই ক্যামেরা হাতে দ্রুত পজিশন নিলাম। আজ কিন্তু খুব দারুণ ছবি পেলাম!
এরই মধ্যে বেশ কয়েকজন ম্রো দাদার সঙ্গে দেখা হলো। এই পাহাড়ের পাশে রয়েছে লং রেপাড়া। তারা সেই পাড়ার বাসিন্দা। যেহেতু রাজ ধনেশ বাংলাদেশের প্রেক্ষাপটে বিলুপ্তপ্রায়, তাই তাদের অনেক অনুরোধ করে বুঝিয়ে বললাম— এগুলো যাতে তারা না মারে।



