স্বাস্থ্য টিপস
ফ্যাটি লিভার প্রতিরোধে করণীয়

গ্রাফিকস: আগামীর সময়
ফ্যাটি লিভার বা হেপাটিক স্টিয়াটোসিস এমন একটি অবস্থা, যেখানে লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমে। লিভারের মোট ওজনের ৫ শতাংশের বেশি চর্বি জমলে তাকে ফ্যাটি লিভার বলা হয়।
ফ্যাটি লিভার দুই ধরনের। অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের কারণে হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (AFLD)। অন্যদিকে, অ্যালকোহল গ্রহণ ছাড়াই স্থূলতা, ডায়াবেটিস ও অনিয়মিত জীবনযাপনের কারণে হয় নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD)। এর দুটি স্তর রয়েছে। সিম্পল স্টিয়াটোসিসে চর্বি জমলেও প্রদাহ হয় না। তবে নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিসে (NASH) প্রদাহ ও লিভারের কোষের ক্ষয় শুরু হয়, যা সিরোসিস বা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, স্থূলতা, অলস জীবনযাপন, অনিয়মিত খাবার, উচ্চ ক্যালরিযুক্ত ও কম আঁশের খাদ্যাভ্যাস, পিসিওএস, মেটাবলিক সিনড্রোম এর প্রধান ঝুঁকি।
ফ্যাটি লিভারের শুরুর দিকে তেমন লক্ষণ থাকে না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় SGPT ও SGOT বেড়ে গেলে রোগটি ধরা পড়ে। তবে ডান পেটের ওপরের দিকে ভার বা ব্যথা, ক্লান্তি, হজমে সমস্যা, পেট ফাঁপা এবং অস্বাভাবিক ওজন পরিবর্তন হতে পারে।
বর্তমানে NAFLD-এর অনুমোদিত ওষুধ নেই। তবে জীবনযাত্রায় পরিবর্তন এনে রোগটি নিয়ন্ত্রণ ও আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম, শরীরের ওজন ৭ থেকে ১০ শতাংশ কমানো, বাদাম, শাকসবজি, মসুর ডাল ও ওটসের মতো আঁশসমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। পাশাপাশি তেল-মসলাযুক্ত খাবার ও লাল মাংস এড়িয়ে চলা, অ্যালকোহল সম্পূর্ণ বর্জন, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো প্রয়োজন।
লেখক : বিভাগীয় প্রধান (হেপাটোলজি), আলোক হেলথকেয়ার, মিরপুর।



