হৃদরোগের জরুরি লক্ষণগুলো কী কী?

গ্রাফিকস: আগামীর সময়
হৃদরোগ এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়, কম বয়সীরাও এতে আক্রান্ত হচ্ছে। বিপদ বাড়ে তখনই, যখন অনেকে হার্ট অ্যাটাকের মতো জরুরি অবস্থাকে সাধারণ গ্যাস্ট্রিক বা ক্লান্তি ভেবে এড়িয়ে যান। তাই নিচের জরুরি লক্ষণগুলো চিনে রাখা প্রয়োজন।
· বুকের মাঝখানে বা বাঁ পাশে চাপ, ভার বা তীব্র ব্যথা অনুভব করা
· ব্যথা বাঁ হাত, কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠের দিকে ছড়িয়ে পড়া
· হঠাৎ শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে আসার অনুভূতি
· অতিরিক্ত ঘাম, বিশেষত ঠান্ডা ঘাম
· বমি ভাব, মাথা ঘোরা বা হঠাৎ দুর্বল হয়ে পড়া
· হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
নারীদের ক্ষেত্রে কিছু ভিন্ন লক্ষণ
নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণ সবসময় বুকে তীব্র ব্যথার মতো স্পষ্ট নাও হতে পারে। তাদের ক্ষেত্রে হঠাৎ অনেক বেশি ক্লান্তি লাগা, হজমে সমস্যার মতো অনুভূতি, পিঠ বা চোয়ালে ব্যথা কিংবা শ্বাসকষ্টই প্রধান লক্ষণ হয়ে দেখা দিতে পারে। তাই এসব উপসর্গও অবহেলা করা উচিত নয়।
লক্ষণ দেখা দিলে যা করবেন
দেরি না করে রোগীকে দ্রুত কাছের হাসপাতালে নিন। রোগীকে শান্ত করে বসিয়ে বা শুইয়ে রাখুন, একা হাঁটাহাঁটি করতে দেবেন না। আঁটসাঁট পোশাক ঢিলা করে দিন, যাতে শ্বাস নিতে সুবিধা হয়। চিকিৎসকের পূর্বপরামর্শ থাকলে সেই অনুযায়ী ওষুধ দিন।
হৃদরোগের জরুরি লক্ষণে দেরি করার কোনো সুযোগ নেই। সন্দেহ হলে অপেক্ষা না করে চিকিৎসা নেওয়াই নিরাপদ।
লেখক: সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম



