স্বাস্থ্য টিপস
হাঁটুর ব্যথায় সবসময় কি বিশ্রাম দরকার

গ্রাফিকস: আগামীর সময়
অনেকের ধারণা, হাঁটুতে ব্যথা হলেই দীর্ঘ সময় সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। কিন্তু সবক্ষেত্রে বিশ্রাম উপকারী নয়। ব্যথার ধরন ও কারণ অনুযায়ী বিশ্রাম কিংবা হালকা চলাফেরা করা উচিত।
কখন বিশ্রাম নেবেন?
- পায়ের হাড় ভেঙে বা মচকে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিন
- হঠাৎ পড়ে গিয়ে বা আঘাত পেয়ে তীব্র ব্যথা হলে
- হাঁটু ফুলে গেলে, লাল হয়ে গেলে বা অতিরিক্ত প্রদাহ দেখা দিলে
- ব্যথার কারণে হাঁটুর ওপর ভর দিতে কষ্ট হলে
যেসব ক্ষেত্রে বিশ্রাম ক্ষতিকর হতে পারে
ভাঙা পায়ের জন্য প্লাস্টার থাকাকালীন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামের চেয়ে বেশিদিন পূর্ণ বিশ্রাম নেবেন না; বরং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ সময় হাঁটুর ব্যায়াম করা রোগীর জন্য উপকারী। দীর্ঘদিন একটানা সম্পূর্ণ বিশ্রাম নিলে হাঁটুর চারপাশের পেশি দুর্বল হয়ে যেতে পারে। এতে জয়েন্ট শক্ত হয়ে যায়। তখন হাঁটু ভাঁজ করতে এবং হাঁটাহাঁটি করতে ব্যথা হয়।
এ ছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোসিসসহ বিভিন্ন অসুখে বিশ্রাম নিলে ব্যথা বেড়ে যায়। এসব রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাঁতার কাটা, সাইকেল চালানো কিংবা সমতল জায়গায় হালকা হাঁটার মতো ব্যায়াম উপকারী।
হাঁটুর সুস্থতায় বিশ্রাম ও ব্যায়াম— দুটিই প্রয়োজন। শরীরকে পুরোপুরি স্থবির না রেখে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম বা স্ট্রেচিং অব্যাহত রাখুন। ব্যথা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।
লেখক : মেডিকেল অফিসার, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ।



