স্বাস্থ্য টিপস
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমানোর উপায়
ডা. সৈয়দ সানি উজ জামান

গ্রাফিকস: আগামীর সময়
গরম আবহাওয়ার দেশে কিডনিতে পাথর এখন বেশ পরিচিত একটি সমস্যা। পাথর তৈরি হয়, যখন প্রস্রাবে থাকা কিছু খনিজ পদার্থ (যেমন— ক্যালসিয়াম, অক্সালেট বা ইউরিক অ্যাসিড) জমে শক্ত হয়ে যায়। শরীরে পানির ঘাটতি, ভুল খাদ্যাভ্যাস ও দীর্ঘক্ষণ প্রস্রাব জমে থাকা এই পাথর তৈরির প্রধান কারণ। তাই প্রতিরোধের মূল কথাই হলো প্রস্রাব স্বাভাবিক ও নিয়মিত রাখা।
ঝুঁকি কমাতে যা করণীয়
- প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, যাতে প্রস্রাব পরিষ্কার বা হালকা রঙের থাকে
- গরমে বা বেশি ঘামলে পানির পরিমাণ আরও বাড়িয়ে দিন
- খাবারে অতিরিক্ত লবণ কমিয়ে দিন, বেশি লবণ পাথর তৈরিতে সাহায্য করে
- প্রস্রাবের বেগ বেশি সময় চেপে রাখবেন না
- লেবু বা টকজাতীয় ফল খান, এতে থাকা সাইট্রেট পাথর জমা ঠেকাতে সাহায্য করে
যা এড়িয়ে চলবেন বা পরিমিত রাখবেন
- অতিরিক্ত আমিষ, বিশেষত লাল মাংস, যা ইউরিক অ্যাসিড বাড়ায়
- অতিরিক্ত চিনি ও কোমল পানীয়
- প্রয়োজন ছাড়া ক্যালসিয়াম বা ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণ
যাদের আগে একবার পাথর হয়েছে, তাদের বাড়তি সতর্ক থাকা জরুরি। কারণ, পুনরায় পাথর হওয়ার আশঙ্কা তাদের বেশি। প্রয়োজনে কী ধরনের পাথর হয়েছিল, তা পরীক্ষা করে সে অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক করা ভালো।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম।



