বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকে ৩৫১ নিয়োগ

বাংলাদেশ ব্যাংক লোগো
বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৫১ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে—
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার (আইটি) পদে ৩৬ জন, অফিসার (আইটি)/এমআইএস অ্যান্ড আইসিটি অফিসার পদে ২৩১, সহকারী প্রোগ্রামার পদে ২৮, সহকারী প্রকৌশলী (আইটি)/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে ১৪, কর্মসংস্থান ব্যাংকের সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার পদে ৩, সোনালী ব্যাংক পিএলসির সহকারী ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে ২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী সিস্টেম অ্যানালিস্ট পদে ২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে ১ এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রোগ্রামার পদে ১ জন নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
নিয়োগ পাবেন যারা: সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদের জন্য পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি থাকতে হবে। অন্যান্য পদের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কিংবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। অধিকাংশ পদের ক্ষেত্রে এক বা দুটি প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। কয়েকটি পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও পেশাগত সদস্যপদও আবশ্যক।
বেতন-ভাতা: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পদভেদে মাসিক ১৬ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। সহকারী পরিচালক ও গ্রেড-৯ পদের বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা, গ্রেড-১০ পদে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ এবং গ্রেড-৬ পদে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত নিয়োগ পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরুর আগে অনলাইন আবেদন নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের প্রথমে পোর্টালে নিবন্ধন বা লগইন করে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। এরপর পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন করে নির্ধারিত তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দেবেন।
সব পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত। ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন অন্যান্য পদে আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর।
আবেদন ফি রকেট বিল পেমেন্ট অথবা বাংলা কিউআর-এর মাধ্যমে পরিশোধ করা যাবে। ছবি বা স্বাক্ষর আপলোডে সমস্যা হলে এডিট রিজিউম অপশন থেকে তা সংশোধন এবং অকার্যকর ছবি বা স্বাক্ষরের ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনসে (এফএকিউ) দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আবেদনপত্রের তথ্য সংরক্ষণ এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।




