অভিজ্ঞতার আলো
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লজিক্যাল রিজনিং

বিশ্ববিদ্যালয় শেষ করার পর প্রথম চাকরিতে আমি গ্রোথ মার্কেটার হিসেবে কাজ শুরু করি। সেখানে দ্রুত বুঝতে পারি, কোনো উদ্যোগের ফল শুধু ধারণা দিয়ে বোঝা সম্ভব নয়; এর পেছনে থাকা সংখ্যাগুলোও বুঝতে হবে। আমরা আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি এবং কোথায় যেতে চাই— এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডেটা অ্যানালিটিকসের সঙ্গে আমার হাতে-কলমে কাজের শুরু। কোনো কাজের ফল সঠিকভাবে পরিমাপ ও ট্র্যাক করতে না পারলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
তাই ডেটা অ্যানালিস্ট পেশায় কাজ করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লজিক্যাল রিজনিং করতে পারা। ডেটার মধ্যে সম্পর্ক বা পারস্পরিক যোগসূত্র বোঝা এবং একটি তথ্য থেকে আরেকটি তথ্যের প্রভাব শনাক্ত করার সক্ষমতা এ পেশায় গুরুত্বপূর্ণ।
একজন নিয়োগকর্তা হিসেবে আমি দেখি, প্রার্থী যা শিখেছেন, সেটি বাস্তবে প্রয়োগ করতে পেরেছেন কি না। শুধু সিভিতে ‘ডেটা অ্যানালিটিকসে আগ্রহী’ লেখা কিংবা কয়েকটি কোর্সের নাম উল্লেখ করাই যথেষ্ট নয়; বরং অনলাইনে থাকা কোনো উন্মুক্ত ডেটাসেট নিয়ে ছোট একটি প্রজেক্ট করা, ড্যাশবোর্ড তৈরি কিংবা ডেটা বিশ্লেষণ করে কিছু বের করে দেখানো একজন প্রার্থীর বাস্তব দক্ষতা সম্পর্কে ধারণা দেয়।
তাই যারা নতুন করে এই পেশায় আসতে চান, তাদের শুধু সার্টিফিকেশনের পেছনে না ছুটে শেখা বিষয় হাতে-কলমে প্রয়োগ করার পরামর্শ দেব। একটি ছোট ডেটাসেট নিয়ে কাজ করতে গিয়েই অনেক বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়। আর সেগুলো সমাধানের মধ্য দিয়েই শেখাটা আরও কার্যকর হয়।
লিড, অ্যাড অপারেশনস
কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেক



