ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

সংগৃহীত ছবি
বাংলাদেশ ডাক বিভাগের অধীন বিভিন্ন কার্যালয়ে ১১ থেকে ২০তম গ্রেডে ৩৬ ধরনের পদে ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। পদভেদে আবেদনের জন্য স্নাতক, উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো কোনো পদে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
ডাক বিভাগে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে ৭ জন, ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি পদে ৩১ জন, উপজেলা পোস্টমাস্টার পদে ২২ জন, সহকারী (ডাক অধিদপ্তর) পদে ২ জন, সহকারী পরিদর্শক পদে ১ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৭ জন এবং উচ্চমান সহকারী পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া টেকনিশিয়ান, মেকানিক, মনোটাইপ কাস্টার অপারেটর, মেশিনম্যান, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, জুনিয়র প্রুফ রিডার, ড্রাইভার, কার্পেন্টার, মেশিনিস্ট, সহকারী মেশিনম্যান, সহকারী গ্রেনিং মেশিনম্যান, পোস্টাল অপারেটর, সহকারী প্লেট মেকার, কম্পোজিটর ও সহকারী ফটো কম্পোজিটর পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে প্রতিটিতে ১ থেকে ৩ জন করে নেওয়া হবে।
অন্যদিকে চেকার পদে ২ জন, কাউন্টার পদে ২ জন, ওয়্যারম্যান পদে ১ জন, আর্মড গার্ড পদে ২ জন, প্যাকার পদে ৩ জন, ইঙ্কম্যান পদে ২ জন, অফিস সহায়ক পদে ৩৭ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ২ জন, পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) পদে ১ জন, সার্চ পিয়ন পদে ৩ জন, কুলি পদে ২ জন, নিরাপত্তা প্রহরী পদে ৫ জন এবং পোর্টার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
বেতন ও গ্রেড
নিয়োগপ্রাপ্তদের পদভেদে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদটি ১১তম গ্রেডের। এ পদে বেতন স্কেল ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। ইন্সপেক্টর পদটি ১২তম গ্রেডের। এ পদে বেতন স্কেল ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা।
উপজেলা পোস্টমাস্টার, সহকারী (ডাক অধিদপ্তর) ও সহকারী পরিদর্শক পদ ১৩তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, টেকনিশিয়ান, মেকানিক, মনোটাইপ কাস্টার অপারেটর ও মেশিনম্যান পদ ১৪তম গ্রেডের। এ গ্রেডে বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান ও জুনিয়র প্রুফ রিডার পদ ১৫তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা। ড্রাইভার, কার্পেন্টার, মেশিনিস্ট, সহকারী মেশিনম্যান, সহকারী গ্রেনিং মেশিনম্যান, পোস্টাল অপারেটর, সহকারী প্লেট মেকার, কম্পোজিটর ও সহকারী ফটো কম্পোজিটর পদ ১৬তম গ্রেডের। এ গ্রেডের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। চেকার ও কাউন্টার পদ ১৮তম গ্রেডের। এ গ্রেডের বেতন স্কেল ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা। ওয়্যারম্যান, আর্মড গার্ড, প্যাকার ও ইঙ্কম্যান পদ ১৯তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা। অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী (সুইপার), সার্চ পিয়ন, কুলি, নিরাপত্তা প্রহরী ও পোর্টার পদ ২০তম গ্রেডের। এ গ্রেডের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা পদভেদে ভিন্ন। জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ইন্সপেক্টর ও উপজেলা পোস্টমাস্টার পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। উপজেলা পোস্টমাস্টার পদের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সহকারী, সহকারী পরিদর্শক, উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদেও স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে এসব পদের কয়েকটিতে কম্পিউটার চালনা, সাঁটলিপি ও মুদ্রাক্ষরের নির্দিষ্ট গতি থাকতে হবে।
কারিগরি পদে বিশেষ যোগ্যতা
কারিগরি ও প্রিন্টিং-সংশ্লিষ্ট পদগুলোতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। টেকনিশিয়ান পদে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। মেকানিক পদে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অটোমোবাইল ওয়ার্কশপে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে। মনোটাইপ কাস্টার অপারেটর ও মেশিনম্যান পদে প্রিন্টিং প্রেসে সংশ্লিষ্ট মেশিন পরিচালনার অভিজ্ঞতা প্রয়োজন। ড্রাফটসম্যান পদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপের সনদ থাকতে হবে।
জুনিয়র প্রুফ রিডার পদে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষা এবং প্রুফ রিডিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালানোর অভিজ্ঞতা প্রয়োজন। কার্পেন্টার, মেশিনিস্ট, ওয়্যারম্যানসহ অন্যান্য কারিগরি পদে সংশ্লিষ্ট ট্রেড কোর্স, লাইসেন্স ও কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
অফিস সহায়ক পদে আবেদন করতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) পদে অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সুইপার পদের মোট শূন্য পদের ৮০ শতাংশ জাত হরিজনদের জন্য সংরক্ষিত থাকবে। এ পদে উপযুক্ত জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যাবে। কুলি পদে অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং সুস্বাস্থ্য থাকতে হবে। পোর্টার পদে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়সসীমা ও নিয়োগ পরীক্ষা
আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বশেষ বিধিবিধান ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
প্রার্থীদের লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা-সংক্রান্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডাক বিভাগের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://dgbpo.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া শুরু হবে ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র Submit করার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি
প্রথম ও দ্বিতীয় ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা। তৃতীয় থেকে ২৩তম ক্রমিকের পদের জন্য ১১২ টাকা এবং ২৪তম থেকে ৩৬তম ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার পর টেলিটক নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন বলে বিবেচিত হবে না।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০ বাই ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০ বাই ৮০ পিক্সেল হতে হবে। ছবির সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে ক্লিক করুন।



