মুক্তির সংগ্রামে

‘জয় বাংলা’ ভাস্কর্য ও স্মরণ স্মৃতিস্তম্ভ
১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের জোয়ার। ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের পর ৮ মার্চ উপাচার্য ড. এ আর মল্লিক জরুরি সভা আহ্বান করেন। বাণিজ্য বিভাগের ক্লাসরুমে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলার অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. আবু জাফর, ইতিহাসের অধ্যাপক ড. আবদুল করিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। চাকসুর ভিপি মোহাম্মদ ইব্রাহীম ও জিএস আবদুর রবসহ অন্য ছাত্রনেতারাও ছিলেন। সভায় পাকিস্তানি সেনাবাহিনীর সম্ভাব্য আক্রমণ ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গঠন করা হয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ’। মার্চের শেষে ক্যাম্পাসে ছাত্র ও যুবকদের অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ৯ মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অন্য কর্মকর্তারা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় যুদ্ধে অংশ নেন। সেক্টর-১-এর অধীনে নৌ-কমান্ডো হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রকৌশল দপ্তরের চেইনম্যান মোহাম্মদ হোসেন। যুদ্ধে শহীদ হলে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত হন। তিনিসহ তিনজন কর্মচারী, একজন শিক্ষক ও ১২ শিক্ষার্থী রণাঙ্গনে ঢেলে দিয়েছেন রক্ত। স্বাধীনতার পর স্বাধীনতা-সংগ্রামের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৯৮৫ সালে নির্মিত হয় ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ’। নকশাকার প্রখ্যাত শিল্পী রশিদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থিত লাল ইটের এ স্মৃতিস্তম্ভ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথে জিরো পয়েন্টে আছে ‘স্মরণ স্মৃতিস্তম্ভ’। নকশা ও পরিকল্পনায় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ সাইফুল কবির। এই স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ও ছবি খোদাই করা আছে। গ্রন্থাগার ভবনের সামনে নির্মিত হয়েছে ‘স্বাধীনতা স্মারক ম্যুরাল’। এটি নির্মাণ করেন শিল্পী মুর্তজা বশীর। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যগুলোর মধ্যে সর্বশেষ ২০১৮ সালে নির্মিত হয়েছে ‘জয় বাংলা’। কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরের মাঝামাঝি স্থানে অবস্থিত এ ভাস্কর্যের নির্মাতা চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ মো. সোহরাব জাহান। ভাস্কর্যটিতে চমৎকারভাবে অস্ত্র হাতে নারী, পুরুষ ও পাহাড়ি নৃগোষ্ঠী মুক্তিযোদ্ধার অবয়ব নির্মাণ করা হয়েছে।



