বার্ধক্যে পারকিনসন হলে

গ্রাফিকস: আগামীর সময়
প্রবীণ বয়সের অন্যতম পরিচিত স্নায়বিক রোগ পারকিনসনস ডিজিজ। এটি মস্তিষ্কের একটি দীর্ঘমেয়াদি ও ক্রমশ অগ্রসরমান রোগ। মস্তিষ্কের সাবস্ট্যানশিয়া নিগ্রা নামের অংশে ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এ রোগ দেখা দেয়। ডোপামিন শরীরের স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারকিনসন রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাত বা শরীরের কোনো অংশ কাঁপা, চলাচল ধীর হয়ে যাওয়া এবং মাংসপেশি শক্ত হয়ে যাওয়া। কারও কারও ক্ষেত্রে শরীরের ভারসাম্য রক্ষা করাও কঠিন হয়ে পড়ে।
তবে পারকিনসনে আক্রান্ত হলে এর প্রভাব পড়ে মানুষের সামগ্রিক জীবনযাপনে। কোষ্ঠকাঠিন্য, ঘুমের সমস্যা, ঘ্রাণশক্তি কমে যাওয়া, উদ্বেগ, বিষণ্নতা এবং চিন্তাশক্তির পরিবর্তনও দেখা দিতে পারে। ফলে রোগী একদিকে যেমন শারীরিক সক্ষমতা হারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, তেমনি মানসিকভাবেও ভেঙে পড়তে পারেন। পারকিনসন রোগের সম্পূর্ণ নিরাময় এখনো সম্ভব হয়নি। তবে চিকিৎসকের পরামর্শে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিয়মিত ফিজিওথেরাপি রোগীর হাঁটাচলা, শরীরের ভারসাম্য, পেশির শক্তি ও নমনীয়তা বজায় রাখতে সহায়তা করে। নিরাপদে হাঁটার অনুশীলন, চেয়ার থেকে ওঠা-বসা, শরীরের বিভিন্ন অঙ্গের সঞ্চালন এবং দৈনন্দিন কাজের উপযোগী ব্যায়াম রোগীর সক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি কমাতে ভারসাম্য ও চলাচলের অনুশীলন জরুরি।
নিয়মিত ফিজিওথেরাপি রোগীর হাঁটাচলা শরীরের ভারসাম্য ও নমনীয়তা বজায় রাখতে সহায়তা করে
প্রবীণদের সুস্থতার ক্ষেত্রে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অসুস্থতা, চলাফেরার সীমাবদ্ধতা কিংবা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ার অভিজ্ঞতা অনেককে হতাশ ও নিঃসঙ্গ করে তোলে। এ অবস্থায় তাদের সঙ্গে কথা বলা, মনের কথা শোনা এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা জরুরি। ফিজিওথেরাপিস্টের দায়িত্বও শুধু ব্যায়াম করানোর মধ্যে সীমাবদ্ধ নয়। রোগীর সঙ্গে সহমর্মিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তার উদ্বেগ বোঝা এবং প্রয়োজন অনুযায়ী মনোবিজ্ঞানী কিংবা মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার ব্যবস্থা করাও পরিচর্যার অংশ।
প্রবীণদের সুস্থ ও সক্রিয় রাখার দায়িত্ব তাই শুধু চিকিৎসক বা পরিবারের নয়; সমাজ ও রাষ্ট্রেরও। তাদের জন্য প্রয়োজন সহজপ্রাপ্য পুনর্বাসনসেবা, ডে-কেয়ার সেন্টার, সামাজিক মেলামেশার সুযোগ এবং বয়সবান্ধব জনপরিসর।
শুধু মানুষের আয়ু বাড়ানোই রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত নয়; বরং জীবনকে সুস্থ, সক্রিয়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তোলাই গুরুত্বপূর্ণ।
লেখক: ফিজিওথেরাপিস্ট, উইমেন্স, চিলড্রেন অ্যান্ড জেনারেল হাসপাতাল
সাবেক ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ জাতীয় ফুটবল দল



