অল্পেই অনন্যা

মডেল: আনিলা তাবাসসুম হৃদি; সাজ: শামীম; পোশাক: জেন্টল পার্ক; ছবি: সাজ্জাদ হোসেন
মেকআপ থাকলেও বোঝা যাবে না, মুখ দেখাবে স্নিগ্ধ মায়াময়। এমন রূপচর্চার ট্রেন্ডই মিনিমাল মেকআপ। লিখেছেন রেজাউল আহমেদ
সকালের কোমল আলো মুখে পড়লে যেমন স্নিগ্ধ লাগে, এ যেন সেই সৌন্দর্যটুকুই ধরে রাখার আয়োজন। চোখে সামান্য কাজল, গালে রক্তিম আভা, ঠেঁাটে আদুরে রঙের ছেঁায়া। কোথাও প্রসাধনীর বাড়াবাড়ি কিংবা নিখুঁত সাজার তাড়া নেই। অথচ মুখ জুড়ে একটি পরিপাটি, সতেজ আভা। দেখে মনে হয়, সাজেননি তেমন; শুধু নিজের মতো করে একটু গুছিয়ে নিয়েছেন নিজেকে। সৌন্দর্যকে আড়াল না করে বরং তার কাছাকাছি যাওয়ার এই যে শিল্প, তারই নাম মিনিমাল মেকআপ।
কম মেকআপের সৌন্দর্য
মেকআপের ইতিহাসে কখনো ভারী বেইস, কখনো নিখুঁত কনট্যুরিং, কখনো গাঢ় চোখ কিংবা উজ্জ্বল ঠেঁাট আলোচনার কেন্দ্রে থেকেছে। এখন সেই প্রবণতার পাশাপাশি গুরুত্ব পেয়েছে স্বাভাবিক দেখানোর সৌন্দর্য। আন্তর্জাতিক সৌন্দর্যচর্চায় ‘নো-মেকআপ মেকআপ’, ‘স্কিন ফাস্টিং’ কিংবা ‘ক্লিন গার্ল বিউটি’ নামে পরিচিত বিভিন্ন ধারার মধ্যে এ ভাবনার প্রকাশ দেখা যায়। রূপবিশেষজ্ঞ নিশাত আদনান তারিক বললেন, ‘মিনিমাল মেকআপ মানেই মেকআপ না করা নয়; বরং কোন জায়গায় কতটুকু প্রসাধনী প্রয়োজন, সেটি বুঝে ব্যবহার করা। কারও ত্বকে সামান্য কনসিলার এবং ঠোঁটে লিপ টিন্টই যথেষ্ট; কেউ আবার হালকা বেইস, ব্লাশ আর মাসকারায় সারেন আয়োজন। এখানে নির্দিষ্ট কোনো ছক নেই। মুখের স্বাভাবিক বৈশিষ্ট্য আড়াল না করে আরও সুন্দরভাবে প্রকাশই মূল উদ্দেশ্য।’
নো-মেকআপ মেকআপ এবং মিনিমাল মেকআপের মধ্যে সামান্য পার্থক্য আছে। প্রথমটিতে মেকআপের উপস্থিতি যতটা সম্ভব আড়াল করা হয়; অন্যদিকে দ্বিতীয়টিতে চোখ, গাল কিংবা ঠেঁাটের কোনো একটি অংশে একটু বেশি রঙ যোগ করার সুযোগ থাকে। তার মানে, কম প্রসাধনী ব্যবহার করেও সাজে নিজস্ব অভিব্যক্তি রাখা যায়।
ত্বক যখন সাজের ক্যানভাস
মিনিমাল মেকআপে ত্বকের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ, ভারী ফাউন্ডেশনের স্তরে ত্বক ঢাকার সুযোগ এখানে নেই। তাই মেকআপের আগে ত্বকের যত্ন নেওয়া জরুরি। ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার ও ময়েশ্চারাইজার এবং দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ত্বক আর্দ্র থাকলে মেকআপ ভালোভাবে বসে। শুষ্ক ত্বকে প্রসাধনী জমে যেতে পারে, আবার তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল মেকআপের স্থায়িত্ব কমিয়ে দেয়। বেইস মেকআপের ক্ষেত্রে ফুল কাভারেজ ফাউন্ডেশনের বদলে স্কিন টিন্ট, টিন্টেড ময়েশ্চারাইজার কিংবা হালকা ফাউন্ডেশন বেছে নেওয়া ভালো। মুখের সব জায়গায় সমানভাবে পণ্য লাগানোর প্রয়োজন নেই। চোখের নিচে, নাকের দুই পাশে কিংবা দাগের জায়গায় অল্প কনসিলার ব্যবহারই যথেষ্ট। ত্বকের স্বাভাবিক রঙ ও গঠন যেন বজায় থাকে, সেটিই খেয়াল রাখতে হবে।
অনেকেই মেকআপের আগে ত্বক নিখুঁত করে তোলার চেষ্টা করেন। অথচ ত্বকে দৃশ্যমান লোমকূপ, হালকা দাগ কিংবা ফ্রেকলস থাকা অস্বাভাবিক নয়। মিনিমাল মেকআপে এসব পুরোপুরি ঢেকে ফেলার প্রয়োজন পড়ে না। ত্বককে প্লাস্টিকের মতো মসৃণ দেখানোর বদলে তার স্বাভাবিক গঠন বজায় রাখা এ সাজের আসল সৌন্দর্য।
গালের রঙে প্রাণ
সামান্য ব্লাশ পুরো মুখের অভিব্যক্তি বদলে দিতে পারে। ত্বকের রঙের সঙ্গে মানানসই শেড; যেমন পিচ, সফট পিংক, রোজ, মভ কিংবা মিউটেড কোরাল বেছে নেওয়া যায়। ক্রিম বা লিকুইড ব্লাশ এক্ষেত্রে বেশ কার্যকর। গালের উঁচু অংশে অল্প লাগিয়ে আঙুলের ডগা কিংবা স্পঞ্জ দিয়ে মিশিয়ে নিতে হবে। যেন গালে আলাদা করে রঙের আস্তরণ তৈরি না হয়; বরং ত্বকের ভেতর থেকেই লালচে আভা ফুটে ওঠে। ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে মুখের গড়নও বিবেচনায় রাখা ভালো। গালের হাড় বরাবর ব্লাশ ছড়িয়ে দিলে মুখে কিছুটা লিফটেড ভাব আসে। আর গালের মাঝামাঝি অংশে হালকা ব্লাশ দিলে তৈরি হয় কোমল ও সতেজ অভিব্যক্তি।
চোখের সাজে সরলতা
চোখের সাজেই মিনিমাল মেকআপের সৌন্দর্য সবচেয়ে বেশি প্রকাশ পায়। ভারী আইশ্যাডো কিংবা মোটা আইলাইনারের পরিবর্তে চোখের পাতায় নিউড, বেইজ, হালকা ব্রাউন বা সফট পিচ শেড ব্যবহার করা যেতে পারে। পাপড়ির গোড়ায় সরু করে ব্রাউন বা কালো আইলাইনার দিলে চোখের আকৃতি সুন্দরভাবে ফুটে ওঠে। আরও স্বাভাবিক সাজ চাইলে আইলাইনার বাদ দিয়ে শুধু মাসকারা ব্যবহার করতে পারেন। ভ্রু অতিরিক্ত গাঢ় করে আঁকার প্রয়োজন নেই; বরং এর স্বাভাবিক আকৃতি অনুসরণের মাধ্যমে ফাঁকা জায়গায় হালকা পেনসিল চালিয়ে ব্রাশ দিয়ে গুছিয়ে নিলেই হয়। ভ্রুর প্রতিটি রেখা নিখুঁত করার চেয়ে স্বাভাবিক ঘনত্ব বজায় রাখাই ভালো।
ঠেঁাটে কোমল আভা
মিনিমাল মেকআপে ঠেঁাটের রঙের গুরুত্বও কম নয়। ন্যুড পিংক, রোজ ব্রাউন, পিচ, মভ কিংবা সফট বেরি শেড বেশ মানায়। তবে ঠেঁাটের স্বাভাবিক রঙ এবং ত্বকের আন্ডারটোন বিবেচনায় রাখা জরুরি। লিপস্টিকের বদলে টিন্ট, লিপবাম কিংবা হালকা গ্লসও ব্যবহার করতে পারেন। ঠেঁাটের স্বাভাবিক রেখা মাথায় রেখে রঙ লাগালে সাজে স্নিগ্ধতা বজায় থাকবে। যারা একটু বেশি পরিপাটি লুক চান, তারা ঠেঁাটের রঙের কাছাকাছি শেডের লিপলাইনার ব্যবহার করতে পারেন। এতে ঠেঁাটের আকৃতি স্পষ্ট হবে; অথচ সাজ কৃত্রিম দেখাবে না।
আলো-ছায়া-মায়া
মিনিমাল মেকআপ মানেই মুখে কোনো ডাইমেনশন থাকবে না, এমন নয়। তবে কনট্যুরিংয়ের ভারী রেখা এখানে অনুপযুক্ত। গালের হাড়, নাকের ওপরের অংশ কিংবা ঠেঁাটের ওপর সামান্য হাইলাইটার ব্যবহার করা যেতে পারে। ক্রিম বা লিকুইড হাইলাইটার এক্ষেত্রে ভালো কাজ করে। অতি সূক্ষ্ম শিমার কিংবা সাটিন ফিনিশ মুখ কোমল ও উজ্জ্বল করে তোলে। এজন্য অতিরিক্ত ঝিলমিল কিংবা ধাতব আভা এড়িয়ে চলাই মঙ্গল।
ত্বকের রঙ বুঝে প্রসাধনী
মিনিমাল মেকআপে সঠিক রঙ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ। কারণ, প্রসাধনীর পরিমাণ কম থাকায় প্রতিটি রঙের উপস্থিতি আলাদা করে বোঝা যায়। একই ন্যুড লিপস্টিক একজনের ঠেঁাটে সুন্দর দেখালেও অন্যজনের ক্ষেত্রে বিবর্ণ লাগতে পারে। তাই শুধু ট্রেন্ড দেখে নয়; নিজের ত্বকের রঙ ও আন্ডারটোন বুঝে প্রসাধনী বেছে নিতে হবে। শ্যামলা ত্বকে টেরাকোটা, ক্যারামেল, ব্রাউনিশ রোজ, কোরাল কিংবা ওয়ার্ম বেরি শেড দারুণ মানায়। গমরঙা ত্বকে ডাস্টি রোজ, মভ, পিচ ও সফট কোরাল ভালো লাগে। ফর্সা ত্বকে পিংক, পিচ, রোজ ও হালকা ন্যুড শেড মানানসই। তবে এক্ষেত্রে ত্বকের আন্ডারটোনেরও অনেক গুরুত্ব। উষ্ণ আন্ডারটোনে পিচ ও গোল্ডেন বেইজ, শীতল আন্ডারটোনে রোজ ও মভ এবং নিউট্রাল আন্ডারটোনে উভয় ধরনের শেডই মানায় দারুণ। ফাউন্ডেশন কেনার সময় হাতের ওপর নয়, চোয়ালের পাশে পরীক্ষা করা ভালো। এতে মুখ ও গলার রঙের সঙ্গে সামঞ্জস্য বোঝা যায়।
বয়সের সঙ্গে সাজের ধরন
মিনিমাল মেকআপের সৌন্দর্য হলো, এটি বয়সের কোনো নির্দিষ্ট সীমায় আটকে নেই। সদ্য কিশোরী থেকে পঞ্চাশোর্ধ্ব নারী— সবাই নিজেকে স্বাচ্ছন্দ্যে সাজাতে পারেন। তবে বয়সের সঙ্গে ত্বকের ধরন ও প্রয়োজন বদলায়। তাই মেকআপের ক্ষেত্রে হতে হয় একটু কৌশলী। বিশের কোঠায় সতেজ, রঙিন সাজের পাশাপাশি হালকা বেইজ ও লিপ টিন্ট ভালো মানায়। ত্রিশের পর অনেকেই একটু পরিপাটি বেইজ, ভ্রু ও গালের রঙের দিকে বেশি মনোযোগ দেন। চল্লিশ কিংবা পঞ্চাশের পর ত্বকের আর্দ্রতা ধরে রাখা ভীষণ জরুরি। এ বয়সে অতিরিক্ত পাউডার কিংবা ভারী ফাউন্ডেশন সূক্ষ্ম রেখাগুলোকে বেশি দৃশ্যমান করে তোলে। তাই হাইড্রেটিং বেইজ, ক্রিম ব্লাশ, কোমল লিপ কালার এবং হালকা চোখের সাজ বেছে নেওয়া ভালো।
পাঁচ মিনিটে পরিপাটি
ব্যস্ত দিনের জন্য মিনিমাল মেকআপ বেশ সুবিধাজনক। অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা জরুরি কোনো কাজে বের হওয়ার আগে পাঁচ মিনিটেই তৈরি করতে পারেন পরিপাটি লুক। প্রথমে পরিষ্কার ত্বকে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগাতে হবে। এরপর যেখানে প্রয়োজন, সেখানে সামান্য কনসিলার ব্যবহার করুন। গালে অল্প ক্রিম ব্লাশ, ভ্রুতে ব্রাশ, চোখে এক থেকে দুই স্তর মাসকারা আর ঠেঁাটে লিপ টিন্ট— ব্যস, সাজ সম্পূর্ণ। ত্বক খুব বেশি তৈলাক্ত হলে টি-জোনে সামান্য পাউডার বুলিয়ে নিতে পারেন। এটুকুতেই আপনাকে দেখাবে স্নিগ্ধ ও মায়াবতী।






