জীবনযাপন
নৌ ভ্রমণে নিরাপত্তা

ছবি: ইশতিয়াক হাসান
সময় এখন নৌ ভ্রমণের জন্য দারুণ উপযোগী। তবে শুধু সৌন্দর্য উপভোগ নয়, নিরাপদে ফিরে আসাও নিশ্চিত করা দরকার। লিখেছেন রেজাউল আহমেদ
নদী কিংবা খাল-বিলের বুক চিরে এগিয়ে চলছে নৌকা। বাতাসে ভেসে আসছে জলজ ফুলের ঘ্রাণ। দূরে জেলেদের জাল ফেলা, কোথাও ডুবন্ত সূর্যের সোনালি আলো। এমন মুহূর্তে মনে হতে পারে, পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাটি যেন এই জলরাশি। কিন্তু অবারিত পানির স্বভাব যারা জানেন, তারা বোঝেন, মুহূর্তেই বদলে যেতে পারে স্রোত, বাতাস কিংবা আবহাওয়া। তাই নৌ ভ্রমণের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সতর্কতামূলক প্রস্তুতিও থাকে শতভাগ সুনিশ্চিত।
যাত্রার আগে: বিশেষ করে বর্ষাকালে নদীর স্রোত ও পানির উচ্চতা দ্রুত বদলে যেতে পারে। তাই নৌ ভ্রমণে বের হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া বা নদীতে সতর্কসংকেত থাকলে ভ্রমণ স্থগিত করাই বুদ্ধিমানের কাজ।
সঙ্গে রাখুন: পানিরোধী ব্যাগে মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র, একটি ছোট ফার্স্ট এইড কিট, পর্যাপ্ত খাবার পানি, সানস্ক্রিন, টুপি বা ছাতা, অতিরিক্ত শুকনো পোশাক, প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে পারেন।
নৌকায় ওঠার সঙ্গে সঙ্গেই সঠিক মাপের লাইফ জ্যাকেট পরে নিন
লাইফ জ্যাকেট: দুর্ঘটনার মুহূর্তে এটিই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষাকবচ। নৌকায় ওঠার সঙ্গে সঙ্গেই সঠিক মাপের লাইফ জ্যাকেট পরে নিন। শিশু, বয়স্ক ও যারা সাঁতার জানেন না, তাদের ক্ষেত্রে এটি আরও জরুরি।
অতিরিক্ত যাত্রী নয়: প্রতিটি নৌকারই নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে। অতিরিক্ত যাত্রী বা মালপত্র বাহনের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই যাত্রী বা মালবোঝাই নয়; নিরাপদ নৌকা বেছে নিন।
নৌকায় ওঠার পর: নৌকায় দাঁড়িয়ে ছবি তোলা, এক পাশ থেকে অন্য পাশে হঠাৎ সরে যাওয়া কিংবা সবাই একদিকে ভিড় করা বিপজ্জনক। ভারসাম্য বজায় রাখতে মাঝির নির্দেশ মেনে নির্দিষ্ট জায়গায় বসে থাকুন।
শিশুদের প্রতি বাড়তি নজর: নৌ ভ্রমণে শিশুদের কখনো একা ছেড়ে দেবেন না। তারা যেন সবসময় একজন প্রাপ্তবয়স্কের নজরে থাকে।
মাঝি নির্বাচন: যে নৌকায় উঠছেন, সেটির মাঝি অভিজ্ঞ কি না— যাচাই করে নিন। অচেনা জায়গায় নিবন্ধিত কিংবা পরিচিত ঘাটের নৌকা ব্যবহার করা নিরাপদ।
আবহাওয়া বদলালে করণীয়: হঠাৎ ঝোড়ো হাওয়া, বজ্রপাত বা ভারী বৃষ্টি শুরু হলে আতঙ্কিত হবেন না। দাঁড়িয়ে পড়া, চিৎকার করা কিংবা সবাই একসঙ্গে একদিকে জড়ো হওয়া বিপদ ডেকে আনতে পারে। বরং মাঝির নির্দেশ অনুসরণ এবং যত দ্রুত সম্ভব নিরাপদ তীরে পৌঁছানোর চেষ্টা করুন।
নৌকায় দাঁড়িয়ে ছবি তোলা, এক পাশ থেকে অন্য পাশে হঠাৎ সরে যাওয়া কিংবা সবাই একদিকে ভিড় করা বিপজ্জনক
পরিচ্ছন্নতায় মনোযোগ: নৌ ভ্রমণের সময় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট কিংবা অন্য কোনো বর্জ্য পানিতে ফেলবেন না। কেননা খাল-বিল, নদ-নদী শুধু ভ্রমণের জায়গা নয়; অসংখ্য প্রাণীর জীবন এবং অনেক মানুষের জীবিকার উৎস। মনে রাখা ভালো, প্রকৃতিকে সম্মান করাও নিরাপদ ভ্রমণের অংশ।
ছবি তোলায় সতর্কতা: নদীর মাঝখানে দাঁড়িয়ে কিংবা নৌকার কিনারায় ঝুঁকে সেলফি তুলবেন না। কেননা একটি ছবি কখনোই জীবনের চেয়ে মূল্যবান নয়।
জরুরি অবস্থায় বুদ্ধিমত্তা: দুর্ঘটনা ঘটলে সবাই শান্ত থাকার চেষ্টা করুন। লাইফ জ্যাকেট পরনে থাকলে খুলবেন না। সাঁতার জানলেও অযথা দূরে সাঁতরে যাওয়ার চেষ্টা না করে উদ্ধারকারীদের নির্দেশনা অনুসরণ করুন।




