সম্পর্ক
শুধু সময় নয়, শিশুর চাই নিবিড় সান্নিধ্য

মডেল: কাজী হারুন আর রশিদ ও তার পরিবার । ছবি: অপূর্বা
শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং আনন্দময় ভবিষ্যৎ গড়ে তুলতে হলে বাবা-মা উভয়কেই সময় দিতে হবে। কীভাবে? জানাচ্ছেন নাহিদ ইসলাম
কর্মজীবী বাবা-মায়েরা সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দিনরাত এক করে ফেলেন। নামিদামি স্কুল, পুষ্টিকর খাবার, দামি খেলনা— কী দিচ্ছেন না সন্তানকে! কিন্তু এত আয়োজনের মাঝে হয়তো সবচেয়ে জরুরি জিনিসটাই বাদ পড়ে যাচ্ছে। তা হলো, বাবা-মায়ের নিবিড় সান্নিধ্য আর পূর্ণ মনোযোগ। কর্মব্যস্ত জীবনে সন্তানকে সারা দিন সময় দিতে না পারার অপরাধবোধে ভোগেন অনেক বাবা-মা। কিন্তু সত্যিই কি ঘণ্টার পর ঘণ্টা পাশে বসে থাকা জরুরি? নাকি যেটুকু সময় দিচ্ছেন, সেই সময়ে আপনি মানসিকভাবে কতটা উপস্থিত থাকছেন, সেটাই আসল?
শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাসের ভিত গড়তে এ মনোযোগের একটি দারুণ বৈজ্ঞানিক দিক রয়েছে। এ বিষয়ে পেডিয়াট্রিক নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিশেষজ্ঞ ডা. তোশিবা রহমান বললেন, ‘শিশুর জন্মের পর প্রথম পাঁচ বছরেই মস্তিষ্কের প্রায় ৯০ শতাংশ বিকশিত হয়। এ সময়ে বাবা-মায়ের সঙ্গে কাটানো কোয়ালিটি টাইম তার মস্তিষ্কে সার্ভ অ্যান্ড রিটার্ন প্রক্রিয়া তৈরি করে। অর্থাৎ, শিশু কোনো ইঙ্গিত দিলে বাবা-মা যখন তাতে ইতিবাচক সাড়া দেন, তখন মস্তিষ্কের নিউরনগুলোর সংযোগ বেশ শক্তিশালী হয়। বাবা-মায়ের নিবিড় সান্নিধ্য শিশুর শরীরে অক্সিটোসিন বা লাভ হরমোন বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমিয়ে আনে, যা তার আত্মবিশ্বাসের মূল ভিত্তি গড়ে দেয়।’
অনেকের মতে, এ সময়ে বাবা-মা ও সন্তানের মধ্যে একটি বড় দেয়াল হয়ে উঠেছে স্মার্টফোন। এই ডিজিটাল সংকট নিয়ে ডা. তোশিবা রহমান সতর্ক করলেন, ‘প্রতিনিয়ত আমরা টেকনোফিয়ারেন্স নামে এক নতুন সমস্যার মুখোমুখি হচ্ছি। শিশু যখন দেখে তার বাবা-মা ফোনের স্ক্রিনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তখন অবচেতনভাবেই সে নিজেকে গুরুত্বহীন ভাবতে শুরু করে। তা ছাড়া স্ক্রিন শিশুর মস্তিষ্কে কৃত্রিম ডোপামিন তৈরি করে বলে বাস্তব জীবনের কথাবার্তা তার কাছে একঘেয়ে লাগে। এতে শিশুর কথা বলতে দেরি হওয়ার পাশাপাশি আবেগের বিকাশও বাধাগ্রস্ত হয়।’
অফিস থেকে ফিরে অন্তত ২০-৩০ মিনিট মোবাইল দূরে রেখে শিশুর সঙ্গে সময় কাটান
বাবা-মা দুজনই কর্মজীবী হলে শিশুর প্রতি কোয়ালিটি টাইম বাড়ানোর উপায় সম্পর্কে ডা. তোশিবা রহমান জানালেন, সারা দিন পাশে বসে থাকার চেয়ে প্রতিদিন মাত্র ১৫ থেকে ২০ মিনিট সম্পূর্ণ স্ক্রিনমুক্ত মনোযোগ দেওয়া অনেক বেশি কার্যকর। প্যারেন্টিংয়ের ভাষায় একে বলে স্পেশাল টাইম। এ সময় মোবাইল বা টিভি বন্ধ রেখে শিশুর সঙ্গে খেলা করা, রাতের খাবার পুরো পরিবার একসঙ্গে বসে খাওয়া, বই পড়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর মতো কাজগুলো শিশুর মানসিক বিকাশের জন্য উপকারী। অন্যদিকে, বাবা-মায়ের এ পর্যাপ্ত মনোযোগ ও ভালোবাসার অভাবে সন্তানের আচরণে নানা ধরনের নেতিবাচক পরিবর্তন দেখা যায়। এ বিষয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন বললেন, ‘বাবা-মা বারবার মোবাইল দেখলে বা কথায় মনোযোগ না দিলে শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া হয়। শিশু যেহেতু মনের কষ্ট সরাসরি বয়স্কদের মতো প্রকাশ করতে পারে না, তাই মনোযোগ না পেলে সে আচরণের মাধ্যমে সেটি বোঝানোর চেষ্টা করে। তখন সে অতিরিক্ত জেদ করতে পারে, অল্পতেই রেগে যেতে পারে কিংবা মনোযোগ আকর্ষণের জন্য বারবার বিরক্ত করতে পারে। তাই বাবা-মায়ের উচিত শিশু ভুল করলে বকাঝকা না করে বুঝিয়ে বলা এবং তার কথা পূর্ণ মনোযোগ দিয়ে শোনা।’
শিশুর সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর উপায়
নুসরাত শারমিনের পরামর্শ, সকালে অন্তত কিছুক্ষণ শিশুর সঙ্গে কথা বলা এবং একসঙ্গে নাশতা করার অভ্যাস তৈরি করতে হবে। এ ছাড়া দিনে অন্তত ১৫ মিনিট শিশুকে ঠিক করতে দিন, সে কী খেলবে। আপনি শুধু নির্দেশ মেনে তার খেলার সঙ্গী হবেন। এটি শিশুর নেতৃত্বগুণ বাড়াবে। অফিস থেকে ফিরে অন্তত ২০-৩০ মিনিট মোবাইল দূরে রেখে শিশুর সঙ্গে সময় কাটান। তার স্কুলের গল্প ও সারা দিনের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শুনুন। এটি শিশুর বিষণ্নতা ও আচরণগত সমস্যা দূর করতে দারুণ সহায়ক। রাতে ঘুমানোর আগে অন্তত ১০-১৫ মিনিট শিশুকে ছবির বা গল্পের বই পড়ে শোনানো শিশুর ভাষাগত বিকাশে ম্যাজিকের মতো কাজ করে। ছুটির দিনে শিশুকে নিয়ে বাইরে ঘুরতে যান, খোলা মাঠে দৌড়ান বা বল খেলুন। এটি শিশুর শরীরে এন্ডোরফিন নিঃসরণ করে, যা তার আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়।



