‘মুসলমানরা চিকিৎসার জন্য ভারত যেতে পারে না’, হানজালার বক্তব্যটি কি সঠিক

ছবি: আগামীর সময়
মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা একটি বিতর্কিত মন্তব্য করেছেন—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে দাবি করা হচ্ছে, ‘দরকার হলে বিনাচিকিৎসায় মারা যাবেন, তবুও একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমের অনেকেই এই বক্তব্যকে সত্যি মনে করে বিভ্রান্ত হচ্ছেন এবং নেটিজেনদের মধ্যে এটি অনেক সমালোচনারও জন্ম দিয়েছে। এর মধ্যে ইমরান হোসেন নামের এক ব্যক্তি কমেন্টে প্রশ্ন তোলেন— ‘জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী কেন ভারত গিয়েছিলেন, তাহলে তিনিও প্রকৃত মুসলমান নন?' অন্যদিকে, সিঙ্গার হাবিব খান নামের আরেকজন ইতিবাচক মন্তব্য করে জানান— ‘ যেখানে গেলে ভালো চিকিৎসা হবে অল্প খরচ হবে সেখানে যাওয়াই দরকার, এখানে দেশ জাতি মেটার নয়।'
তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই। আলোচিত মন্তব্যটি সংসদ সদস্য হানজালার নয়; বরং একটি ব্যঙ্গধর্মী (স্যাটায়ার) ফেসবুক পেজের পোস্টকে বাস্তব বক্তব্য হিসেবে সাধারণ মানুষ ছড়িয়ে দিয়েছে।
গণমাধ্যমে কোনো অস্তিত্ব নেই
এ বিষয়ে খোঁজ নিয়ে বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার এমন কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি। পাশাপাশি, সাম্প্রতিক সময়ের তাঁর কোনো বক্তব্য, সাক্ষাৎকার কিংবা কোনো জনসভাতেও তিনি চিকিৎসার্থে ভারত গমন ও ধর্মকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
আসল উৎস
আরও গভীর অনুসন্ধানে দেখা যায়, ‘ গুপ্ত টেলিভিশন’ (Gupto Television) নামের একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে গত ১ জুলাই একটি ফটোকার্ড আকারে প্রথম এই দাবিটি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে পেজটির নামের মূল প্রেক্ষাপট আড়াল করে এটিকেই আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
গভীরভাবে যাচাই করে দেখা গেছে, উক্ত ফেসবুক পেজটির বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ আছে—এটি একটি “Satire & Parody platform” এবং এর সব কনটেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, যেখানে হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
ভারত প্রসঙ্গে হানজালার প্রকৃত বক্তব্য
প্রাসঙ্গিক অনুসন্ধানে জানা যায়, বাশকান্দি ইউনিয়নের একটি মতবিনিময় সভায় সংসদ সদস্য হানজালাকে ভারত প্রসঙ্গে একটি মন্তব্য করতে দেখা গিয়েছিল। তবে সেটি চিকিৎসার বিষয়ে ছিল না; সেখানে তিনি মূলত মাদক সচেতনতা নিয়ে বলেছিলেন, ‘নেশার মাধ্যমে যুবকদের ধ্বংস করা ভারতের একটি চাল।’ তাঁর এই ভিন্ন বিষয়ের বক্তব্যকে বিকৃত করে এবং স্যাটায়ার পেজের মনগড়া উক্তিকে মিলিয়ে এই গুজবটি তৈরি করা হয়েছে।
সামগ্রিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার নামে প্রচারিত ‘মুসলিমরা চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না’—সংক্রান্ত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন। একটি প্যারোডি ও স্যাটায়ার পেজের রসাত্মক পোস্টকে বাস্তব মনে করে নেটিজেনরা বিভ্রান্ত হচ্ছেন।






