তৃতীয় বিয়েও ভাঙল দক্ষিণী তারকা পবন কল্যাণের

পবন কল্যাণ ও স্ত্রী অ্যানা লেজনেভার
তেলুগু সিনেমার তারকা এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ ও তাঁর রুশ স্ত্রী অ্যানা লেজনেভার ১৩ বছরের সংসার ভেঙে গেছে। সোমবার রাতে এক যৌথ বিবৃতিতে পারস্পরিক সমঝোতা ও সম্মানের সঙ্গে নিজেদের বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একসঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছি। এখন নিজেদের বোঝাপড়া ও সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সংসার ভেঙে গেলেও আমরা ভালো বন্ধু থাকব এবং আমাদের সন্তানদের অভিভাবক হিসেবে তাদের যত্ন নেওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে।’
আর এই বিচ্ছেদের খবর সামনে আসার পরই পবন কল্যাণের তিনটি বিয়ে নিয়ে বলা তার আগের একটি পুরনো ও আবেগভরা মন্তব্য ইন্টারনেটে দারুণভাবে ছড়িয়ে পড়েছে।
তিনটি বিয়ে নিয়ে যখন বারবার ট্রোলড হতে হয়েছিল, তখন ২০২৩ সালে নন্দমুরি বালাকৃষ্ণের চ্যাট শোতে খোলামেলা কথা বলেছিলেন পবন। তিনি বলেছিলেন, ‘আমি কোনোদিনই বিয়ে করতে চাইনি। ইচ্ছে ছিল চিরকুমার থেকে যোগসাধনা করব। কিন্তু ভাগ্য আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যা আমি নিজেও ভাবিনি।’
প্রথম বিয়ে ভাঙা নিয়ে পবন জানান, ১৯৯৭ সালে নন্দিনীর সঙ্গে তার বিয়েটি পরিবার থেকে আয়োজন করা হয়েছিল, কিন্তু বনিবনা না হওয়ায় তারা আলাদা হন। এরপর দীর্ঘদিনের লিভ-ইন প্রেমিকা রেনু দেশাইয়ের সঙ্গে ২০০৯ সালে দ্বিতীয়বার পিঁড়িতে বসেন পবন, যা ২০১২ সালে ভেঙে যায়। পরবর্তীতে ২০১৩ সালে তিনি বিয়ে করেন রাশিয়ান নাগরিক অ্যানাকে।
নিজের তিন বিয়ে নিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়ে পবন কল্যাণ সেই সময় বলেছিলেন, ‘অনেকে বারবার তিন বিয়ে নিয়ে খোঁচা দেয়। কিন্তু আমি কি একই সঙ্গে তিনজনকে বিয়ে করেছি? কিংবা তিনজনকে কি একই ছাদের নিচে রেখেছি? আমি আইনগতভাবে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পরই নতুন করে সংসার শুরু করেছি। একজনের সঙ্গে সম্পর্ক কাজ না করলে বাধ্য হয়েই তো আরেকজনকে বেছে নিতে হয়। এগুলো কোনো শখ বা ক্ষণিকের মোহে হয়নি, যা ঘটেছে তাতে শুধুই যন্ত্রণা ছিল।’
কাকতালীয়ভাবে, পবনের এই বিচ্ছেদের ঘোষণার ঠিক কয়েকদিন আগেই তার দ্বিতীয় স্ত্রী রেনু দেশাই বিশাল টকস পডকাস্টে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বিচ্ছেদের ১৪ বছর পার হয়ে গেলেও আজও সমাজ তাকে খাটো করে দেখে। কান্নাভেজা কণ্ঠে রেনু বলেছিলেন, ‘প্রভু রামের বনবাসও ১৪ বছরে শেষ হয়েছিল, কিন্তু আমার ওপর থেকে এই সামাজিক বিচার আর কটূক্তির নির্বাসন কবে শেষ হবে?’
রেনু দেশাই এবং পবন কল্যাণের দুটি সন্তান রয়েছে। ছেলে আকির এবং মেয়ে আদ্য। পবন কল্যাণ এবং অ্যানা লেজনেভার একটি ছেলে রয়েছে। পবন তার আগের সম্পর্ক থেকে অ্যানার মেয়েকেও দত্তক নিয়েছেন।




