পবিত্র কাবায় গিয়ে বিয়ের খবর দিলেন লুবাবা

সংগৃহীত ছবি
শোবিজের রঙিনজগৎকে বিদায় জানিয়ে নিজেকে বদলে ফেলেছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। এবার জীবনের নতুন এক ইনিংস শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ লুবাবা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে নিজের ফেসবুকে পবিত্র কাবা শরিফের সামনে থেকে একটি ছবি দিয়ে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।
বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আমূল পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন।
‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন’, বিয়ের খবর নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন লুবাবা।
লুবাবার এই পরিবর্তনের খবর ও বিয়ের ছবি প্রকাশ্যে স্যোশাল মিডিয়ায় আসতেই ইতিবাচক প্রতিক্রিয়ার জোয়ার বইছে। নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।
কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়ে দোয়া করছেন। একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’
সিমরিন লুবাবা মূলত প্রয়াত প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে শোবিজে পরিচিতি পান। খুব অল্প বয়সেই বিজ্ঞাপনে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন।
তবে লুবাবা দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হওয়ার পর। বিশেষ করে তার কথা বলার ধরন এবং বিভিন্ন বিষয়ে পরিণত মন্তব্য নিয়ে ইন্টারনেটে ব্যাপক ট্রল ও মিম তৈরি হয়েছিল।
তবে সমস্ত নেতিবাচকতাকে পাশ কাটিয়ে সম্প্রতি তার পর্দানশীন জীবন এবং শোবিজ ত্যাগের সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে।

