কনসার্টের পুরো আয় নেপালের বন্যার্তদের দেবেন বিশাল মিশ্র

ভারতের গায়ক ও সুরকার বিশাল মিশ্র নেপাল ও ভারতের আসাম রাজ্যে ত্রাণ তহবিল সংগ্রহে বিশেষ কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এসব কনসার্ট থেকে পাওয়া পুরো অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেওয়া হবে।
‘পেহলে ভি ম্যায়ন’ ও ‘কাইসে হুয়া’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী জানিয়েছেন, কনসার্ট দুটির পুরো আয় ত্রাণকাজে ব্যয় করা হবে।
ইনস্টাগ্রামে এক পোস্টে বিশাল মিশ্র লিখেছেন, ‘নেপালে যা ঘটছে, তা দেখে আমার হৃদয় ভারাক্রান্ত। তাই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। নেপালে একটি এবং আসামে একটি কনসার্ট করব। প্রতিটি পয়সা বন্যার্তদের ত্রাণ ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে। আমি আপনাদের কথা দিচ্ছি। শিগগিরই ঘোষণা আসছে।’
তবে কনসার্ট দুটির তারিখ ও অন্যান্য বিস্তারিত এখনো জানানো হয়নি।
এদিকে, দেশে দেশে তারকারা নেপালের দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। কোরীয় গায়ক লি নো বাংলাদেশি মুদ্রায় ৯০ লাখ টাকা নেপালের জন্য দান করেছেন। নেপালের তারকারাও বসে নেই। তারা নেমে পড়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে।








