৮৫ বছর বয়সে মারা গেলেন বিচ বয়েজের সহ-প্রতিষ্ঠাতা ও গায়ক মাইক লাভ

মাইক লাভ
মার্কিন সংগীত ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যান্ড ‘বিচ বয়েজ’-এর সহ-প্রতিষ্ঠাতা ও কণ্ঠশিল্পী মাইক লাভ আর নেই। ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি শিল্পী। ব্যান্ডটির একমাত্র আদি সদস্য হিসেবে শেষ দিন পর্যন্ত দলটিকে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন মার্কিন সাংস্কৃতিক আইকন হিসেবে, প্রজন্মের পর প্রজন্ম সংগীতশিল্পীদের কাছে তার অসামান্য প্রতিভা ও অনুপ্রেরণার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা না হলেও, সম্প্রতি তার সহশিল্পী জন স্টামোস জানিয়েছিলেন যে মাইক লাভ ‘গুরুতর শারীরিক জটিলতায়’ ভুগছেন।
২০২৬ সালে ব্রঙ্কাইটিস ও কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে বেশ কিছু কনসার্ট বাতিল করতে হয়েছিল তাকে। তবু ভগ্নস্বাস্থ্য নিয়েই মঞ্চে ফিরেছিলেন তিনি।
১৯৪১ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া মাইক লাভ ছিলেন ব্যান্ডের মূল কাণ্ডারি ব্রায়ান উইলসন এবং অন্য দুই সদস্য ডেনিস ও কার্ল উইলসনের খালাতো ভাই। পারিবারিক আড্ডায় গান গাইতে গাইতেই ষাটের দশকের শুরুতে যাত্রা শুরু হয় বিচ বয়েজের।
ব্রায়ান উইলসনের সঙ্গে জুটি বেঁধে লাভ উপহার দিয়েছেন ‘ক্যালিফোর্নিয়া গার্লস’, ‘গুড ভাইব্রেশনস’, ‘আই গেট অ্যারাউন্ড’, ‘সার্ফিন সাফারি’ ও ‘হেল্প মি, রোন্ডা’র মতো কালজয়ী সব গান। তার গভীর কণ্ঠ আর মনে গেঁথে যাওয়ার মতো গানের কথা ষাটের দশকে ক্যালিফোর্নিয়ার তারুণ্যের সংস্কৃতিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছিল।
বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি মাইক লাভ ছিলেন বিচ বয়েজের সবচেয়ে বিতর্কিত সদস্য। ১৯৬৬ সালের কালজয়ী অ্যালবাম ‘পেট সাউন্ডস’ ও পরবর্তীতে বাতিল হওয়া ‘স্মাইল’ অ্যালবামের পরীক্ষামূলক ধারা নিয়ে ব্রায়ান উইলসনের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। যদিও ‘পেট সাউন্ডস’-কে তিনি ‘অসাধারণভাবে নির্মিত’ বলে প্রশংসা করেছিলেন।
সত্তরের দশকে ভারতীয় আধ্যাত্মিক গুরু মহর্ষি মহেশ যোগীর সংস্পর্শে এসে তিনি গভীরভাবে ধ্যানে মগ্ন হন এবং একসময় সন্ন্যাসীর মতো জীবনও কাটিয়েছেন। আশির দশকে তার লেখা ‘কোকোমো’ গানটি নতুন করে ব্যান্ডটিকে সাফল্য এনে দেয়।
১৯৮৮ সালে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্তির অনুষ্ঠানে পল ম্যাককার্টনি ও মিক জ্যাগারকে কটাক্ষ করে দেওয়া বক্তৃতার কারণেও তিনি ব্যাপক সমালোচিত হন।
নব্বইয়ের দশকে গানের কৃতিত্ব ও রয়্যালটি এবং পরবর্তীতে বিচ বয়েজের নাম ব্যবহারের অধিকার নিয়ে ব্রায়ান উইলসন ও আল জার্ডিনের সঙ্গে একাধিক মামলায় জড়ান লাভ।
১৯৯৪ সালে তিনি ৩৫টি গানের গীতিকার হিসেবে আইনি স্বীকৃতি পান। ২০১১ সালে পুরোনো বিবাদ ভুলে সবাই মিলে নতুন অ্যালবাম বের করলেও, পরবর্তীতে বাকি আদি সদস্যদের বাদ দিয়ে লাভ একাই বিচ বয়েজের নামে কনসার্ট চালিয়ে গেলে সম্পর্কে আবারও ফাটল ধরে।
সে সময় ব্রায়ান উইলসন আক্ষেপ করে বলেছিলেন, ‘মনে হচ্ছে আমাদের যেন চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’
এছাড়া ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী তহবিল সংগ্রহ ও একটি শিকারি সংগঠনের অনুষ্ঠানে বিচ বয়েজের ব্যানারে গান গাওয়ায় উইলসন ও জার্ডিন ব্যান্ডটিকে বয়কটের ডাক দিয়েছিলেন।
নিজের এই ‘খলনায়ক’ ভাবমূর্তি নিয়ে ২০১৬ সালে লাভ বলেছিলেন, ‘গল্প বানানো হয়েছে যে আমি খুব খারাপ মানুষ, কিন্তু এসবের বেশিরভাগই পাগলদের বিকৃত প্রচারণা।’
বিচ বয়েজের পাশাপাশি বেশ কয়েকটি একক অ্যালবামও প্রকাশ করেছিলেন মাইক লাভ। ব্যক্তিজীবনে ছয়বার বিয়ে করা এই শিল্পী রেখে গেছেন তার স্ত্রী জ্যাকলিন পিজেন এবং সাত সন্তানকে। তার মৃত্যুতে মার্কিন পপ ও রক সংগীতের একটি বর্ণাঢ্য ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল।






