মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ আলী

সাহেদ আলী
দেশের ব্যান্ড সংগীত জগতের পরিচিত মুখ শেখ সাহেদ আর নেই। আজ শুক্রবার সকাল ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
গত ২৪ অক্টোবর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শেখ সাহেদ। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা এবং সবশেষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারাত্মক লড়াই চালাচ্ছিলেন।
অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ সকালে তিনি না ফেরার দেশে চলে যান।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
নব্বইয়ের দশক থেকে বাংলা ব্যান্ড সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন শেখ সাহেদ। ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। গুণী এ শিল্পী সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ হিসেবেও দারুণ পরিচিত ছিলেন।
১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রভু’। এরপর দীর্ঘ সংগীতজীবনে তিনি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেন। তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’ ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
শারীরিক অসুস্থতা ও নানা জটিলতার কারণে তার দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন শেষ পর্যন্ত আটকে যায়।
গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারে তার এই নতুন কাজগুলো শ্রোতাদের সামনে নিয়ে আসার কথা ছিল। কিন্তু তার অসুস্থতার কারণে গানগুলো প্রকাশ করা হয়নি।




