এমটিভি অ্যাওয়ার্ডসে টেইলরের বড় জয়, পুরস্কার উৎসর্গ ডলি পার্টনকে

টেইলর সুইফট
সংগীত জগতের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬’-এ আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন পপ কুইন টেইলর সুইফট। তার জনপ্রিয় গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’-র জন্য তিনি জিতে নিয়েছেন সান্ধ্যকালীন সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’।
তবে পুরস্কারের ট্রফি হাতে নিয়ে শুধু নিজের জয় নয়, বরং গত আগস্টে প্রয়াত কান্ট্রি মিউজিক লিজেন্ড ডলি পার্টনকে স্মরণ করে পুরো মিলনায়তনকে আবেগঘন করে তোলেন সুইফট।
মঞ্চে ট্রফি গ্রহণ করে আবেগপ্রবণ কণ্ঠে সুইফট বলেন, ‘আমি এ পুরস্কারটি এমন একজনকে উৎসর্গ করতে চাই যাকে ছাড়া হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। তিনি হলেন খাঁটি শোগার্ল ডলি পার্টন। তার প্রতিটি গানের গল্প বলার ক্ষমতা এত চমৎকার ছিল যে, প্রতিবার গানগুলো শুনলে মনে হতো জীবনের সেরা কোনো মিউজিক ভিডিও দেখছি। তার মতো একজন আইকনের যুগে এ পৃথিবীতে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি’।
শুধু পুরস্কার মঞ্চে ওঠাই নয়, সুইফট এবার ভিএমএ-র ইতিহাসে প্রথম ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
ক্যামেরার পেছনে মিউজিক ভিডিও পরিচালনায় অনন্য অবদানের জন্যই তাকে এ সম্মান দেওয়া হয়।
সুইফট নিজেই তার ‘কার্ডিগান’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’, এবং ‘দ্য ফেইট অব ওফেলিয়া’-র মতো বিশ্বখ্যাত গানগুলোর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন।
অনুষ্ঠানে সুইফট তার নতুন অ্যালবামের ‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিওর প্রিমিয়ারও করেন, যেখানে অভিনয় করেছেন হলিউড তারকা ডাকোটা জনসন ও কলিন ফারেল।
এ বছরের ভিএমএ-তে সর্বাধিক ১১টি বিভাগে মনোনীত হয়ে আবারও নিজের একক আধিপত্য বজায় রাখলেন এ গায়িকা।




