প্রথম ইউরোভিশন এশিয়ায় বাজিমাত ফিলিপাইনের, কেমন করল বাংলাদেশ?

প্রতিযোগিতায় ১৯ বছর বয়সী কারমেল ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী
দীর্ঘ কয়েক দশকের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যাংককে পর্দা উঠল এশিয়ার সংগীত জগতের বড় আসর ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-র প্রথম আসরের।
১১টি দেশের জমজমাট এই লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে প্রথম শিরোপা জিতে নিল ফিলিপাইন। আর এই ঐতিহাসিক মঞ্চে ব্যতিক্রমী বিটবক্সিং দিয়ে বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশের প্রতিনিধি দল ‘বিটমোস্ফিয়ার’।
ব্যাংককের ওয়ান ব্যাংকক অ্যারেনায় অনুষ্ঠিত এই মেগা ইভেন্টে শুরু থেকেই ফেভারিট ছিলেন ফিলিপাইনের সর্বকনিষ্ঠ প্রতিযোগী ১৯ বছর বয়সী কারমেল।
নারীর ক্ষমতায়ন নিয়ে গাওয়া তার দুর্দান্ত গান ‘সোবরা-সোবরা’ এবং আকর্ষণীয় র্যাপ পারফরম্যান্স জুরি বোর্ড ও দর্শক উভয়ের মন জয় করে নেয়।
জুরি বোর্ডের ৯৩ এবং দর্শকদের ১১৮ ভোট মিলিয়ে মোট ২১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন কারমেল। ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাইল্যান্ড এবং ১৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ভিয়েতনাম।
এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে জনপ্রিয় বিটবক্সিং গ্রুপ ‘বিটমোস্ফিয়ার’।
চিরাচরিত কোনো মিউজিক বা বাদ্যযন্ত্র ছাড়াই কেবল নিজেদের কণ্ঠের জাদুতে ড্রাম ও বেসলাইনের আবহ তৈরি করে মঞ্চ মাতিয়েছেন তারা।
তবে দর্শক ও জুরি বোর্ডের ভোটে ৩৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে পারফর্ম করেন ২০২৬ ইউরোভিশন বিজয়ী বুলগেরিয়ার তারকা দারা ও থাই সুপারস্টার জেফ সাতুর।
এমনকি কারিগরি ত্রুটির কারণে লাওসের প্রতিযোগী থিনলার গানটি ভুলবশত দুবার বেজে ওঠার মতো মজার ঘটনাও ঘটেছে।
তবে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগীতপ্রেমীরা এশিয়ার এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে আগামী বছর থেকে এর নাম ‘এশিয়া ভিশন’ করার দাবি তুলেছেন।





