বলিউড
রবীন্দ্রসংগীতে ভাইরাল শেহনাজ

শেহনাজ গিল- ইনস্টাগ্রাম
‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’খ্যাত বলিউড অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী শেহনাজ গিল যা-ই করেন, মুহূর্তেই তা নজর কাড়ে নেটিজেনদের। তার কোনো মজার কথা, আচরণ কিংবা হঠাৎ করা কোনো কাজ— সবকিছুই চোখের পলকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একের পর এক রিল, ছবি কিংবা ভিডিওতে তাই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি।
সম্প্রতি একটি পাঞ্জাবি সিনেমার প্রচার অনুষ্ঠানের ফাঁকে রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ গেয়ে ভিডিও শেয়ার করেন শেহনাজ। সেই গানের ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এই অবাঙালি তারকার কণ্ঠে বাংলা গান বিশেষ করে বাঙালি অনুরাগীদের একই সঙ্গে মুগ্ধ ও বিস্মিত করেছে।
তবে শুধু বিনোদনমূলক কর্মকাণ্ড নয়, ব্যক্তিগত অভিজ্ঞতা ও মন্তব্যের কারণেও বারবার আলোচনায় আসেন শেহনাজ। কিছুদিন আগে ‘মেল ফেমিনিস্ট’ পডকাস্টের এক পর্বে ‘বিগ বস’-এর অভিজ্ঞতা টেনে নিজের শরীর ও কথা বলার ধরন নিয়ে ট্রলের শিকার হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, তখন তার শরীর এবং ভাষার ধরন নিয়ে নেতিবাচক মন্তব্য করা হতো। এমনকি তাকে ‘অশিক্ষিত’ ও ‘গেঁয়ো’ও বলা হয়েছিল।
সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসের কথাও জানান ৩২ বছর বয়সী এই তারকা । তার মতে, ওজন কমা-বাড়া স্বাভাবিক বিষয়। শরীর নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করলে এবং সুস্থ থাকলে অন্যের মন্তব্য নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন সবাইকে একই ধরনের ‘ঘণ্টাকৃতির’ শরীরের গড়ন অনুসরণ করতে হবে। তার এই আত্মবিশ্বাসী মন্তব্যের অংশও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাজার হাজারবার শেয়ার হতে থাকে পডকাস্টের বিভিন্ন রিল।
এর আগে বিমানযাত্রার একটি ঘটনাও তাকে ভাইরাল করেছিল। ভাই শেহবাজকে সঙ্গে নিয়ে বিমানে ভ্রমণের সময় তীব্র ঝাঁকুনি ও টারবুলেন্সের মুখোমুখি হন শেহনাজ। সেই সময় বিমানে বসে প্রার্থনা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি জানান, খুব কষ্টে বেঁচে গেছেন।
নেটপাড়ায় শেহনাজ মানেই নতুন কোনো আলোচনা, নতুন কোনো ভিডিও আর মুহূর্তেই ছড়িয়ে পড়া নতুন কোনো গল্প।



