নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ফারিয়া নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। এর নাম ‘লজ্জা’। গতকাল শনিবার সকালে ঢাকার দিয়াবাড়ীতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন।
সিনেমাটির জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছেন নুসরাত ফারিয়া। তার কথায়, ‘এটি একটু ভিন্ন ঘরানার চলচ্চিত্র। এজন্য মিলিটারি ট্রেনিং নিতে হয়েছে।’
এর আগে ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ‘লজ্জা’র অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান এটি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লজ্জা’। এর গল্প লিখেছেন আবদুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৫ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এরপর জাজ মাল্টিমিডিয়ার একক ও যৌথ প্রযোজনায় ‘জ্বীন-৩’ (২০২৫), ‘হিরো ৪২০’ (২০১৬), ‘বাদশা— দ্য ডন’ (২০১৬), ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭), ‘ধ্যাত তেরি কি’ (২০১৭), ‘বস ২’ (২০১৭) ও ‘ইন্সপেক্টর নটি কে’ (২০১৮) সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে নুসরাত ফারিয়া অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’। অনম বিশ্বাসের পরিচালনায় এতে আরও থাকছেন আরিফিন শুভ, ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসার।
এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ আইস্ক্রিনে মুক্তির অপেক্ষায় আছে। এতে তার সহশিল্পী শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। ‘লাপাত্তা’ পরিচালনা করেছেন ‘বরবাদ’ ও ‘রাক্ষস’খ্যাত মেহেদী হাসান হৃদয়।



