৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে একমাত্র নারী পরিচালক মে এল-তুখি

মে এল-তুখি- রয়টার্স
৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘গোল্ডেন লায়ন’ প্রতিযোগিতায় ২১টি সিনেমার মধ্যে নারী পরিচালকের ফিকশন মাত্র একটি— মে এল-তুখির ‘ওম্যান আননোন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ডেনমার্কে সামাজিক কলঙ্ক ও নিগ্রহের শিকার নারীদের গল্প তুলে ধরা হয়েছে এতে। গত রবিবার ইতালির লিদো দ্বীপে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।
বৈশ্বিক মঞ্চে নারী পরিচালকদের উপস্থিতি কম থাকা প্রসঙ্গে মে এল-তুখি’র মন্তব্য, ‘এটি একটি কাঠামোগত সমস্যা। আমার পুরো ক্যারিয়ার জুড়েই এর মুখোমুখি হয়েছি।’
রবার্ট প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
মূল প্রতিযোগিতায় প্রশংসা কুড়িয়েছে হলিউড তারকা রবার্ট প্যাটিনসনের নতুন চলচ্চিত্র ‘প্রাইমটাইম’। আমেরিকান টিভি অনুষ্ঠান ‘টু ক্যাচ আ প্রেডাটর’-এর উপস্থাপক ক্রিস হ্যানসেনকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এটি পরিচালনা করেছেন ল্যান্স ওপেনহেইম। হ্যানসেনের কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি আয়ত্ত করাকে প্যাটিনসন নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ বলেছেন। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে গ্র্যামিজয়ী গায়িকা ফোবি ব্রিজার্সের।
সম্ভাব্য ভালোবাসা
মূল প্রতিযোগিতায় নির্বাচিত ‘পসিবল লাভ’ নিয়ে আট বছর পর ভেনিস চলচ্চিত্র উৎসবে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-ডং। ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার একটি বৃহৎ শিল্পগোষ্ঠীতে শ্রমিক ছাঁটাই, ধর্মঘট ও পুলিশের দমন-পীড়নের পরিণতি দেখানো হয়েছে এতে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর এটিই তার নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সুজান সারান্ডনের দাবি
উৎসবে আমেরিকান অভিনেত্রী সুসান সারান্ডন দাবি করেছেন, ফিলিস্তিনিদের সমর্থনে প্রকাশ্য অবস্থানের কারণে এখনো চলচ্চিত্রের কাজ হারাচ্ছেন তিনি। ২০২৩ সালে ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য দেওয়ার পর তাকে বাদ পড়তে হয়েছে। সারান্ডনের দাবি, কিছু এজেন্সি এখনো তাকে নিয়োগ না দিতে বলে নির্মাতাদের। তবে তার মতে, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক জনমত বদলেছে।
ওয়েসিস ব্যান্ডের প্রামাণ্যচিত্র
ভেনিসে হাজির হয়েছেন ওয়েসিস ব্যান্ডের দুই ভাই লিয়াম ও নোয়েল গ্যালাঘার। তাদের পুনর্মিলন ট্যুর নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ওয়েসিস: ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার’ রয়েছে প্রতিযোগিতার বাইরে। এতে তুলে ধরা হয়েছে দীর্ঘ দ্বন্দ্বের পর তাদের সম্পর্ক জোড়া লাগার গল্প।






