শিল্পকলায় ‘নজরুল নৃত্য উৎসব’

নৃত্য উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় নাচের পরিবেশনা
নজরুলের গানে কখনো দ্রোহের আগুন, কখনো প্রেমের কোমলতা, কখনো সাম্যের ডাক, আবার কখনো মানবতার গভীর উচ্চারণ। সেই বহুমাত্রিক সুর ও ভাব যখন নৃত্যের ছন্দে মূর্ত হয়ে ওঠে, তখন নজরুলের সৃষ্টির সঙ্গে তৈরি হয় এক ভিন্নতর শিল্পভাষার সংলাপ। এমনই এক নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় এই আয়োজন সাজানো হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি।
গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। ‘গানের ভেতর যে নৃত্য, নৃত্যের ভেতর যে নজরুল— সেই অনন্ত ছন্দের কাছে আমাদের ফিরে আসা’— এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত উৎসবে নজরুলের গান, ছন্দ, প্রেম, দ্রোহ, সাম্য ও মানবিকতার চেতনাকে নৃত্যের ভাষায় তুলে ধরা এই আয়োজনের উদ্দেশ্য।
উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নাঈম খান ডান্স কোম্পানি, নৃত্যায়ন-ময়মনসিংহ, স্পন্দন, ভাবনা, নৃত্যালোক সাংস্কৃতিককেন্দ্র, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, কায়াশ্রম, স্বাপ্নিক নৃত্য বিকাশ-মাদারীপুর, অঞ্জলী নৃত্যাঙ্গন একাডেমি, আট্রিস্টি, সাধনা, নৃত্যায়ন, নবদূত সাংস্কৃতিক একাডেমি, দীক্ষা, তপস্যা, নন্দন কলাকেন্দ্র, নৃত্যমী-ময়মনসিংহ, পরস্পরা, নৃত্যাক্ষ, নৃত্যসুর, স্বপ্নচূড়া কালচারাল একাডেমি, গুরুকুল কালচারাল সেন্টার, জিনিয়া নৃত্যকলা একাডেমি, বকুল নৃত্যালয় ও নৃত্যম নৃত্যাশীলন কেন্দ্রসহ বিভিন্ন নৃত্যদল।
আয়োজকরা জানিয়েছেন, নজরুলের গান ও সৃষ্টিকে অবলম্বন করে পরিবেশিত নৃত্যে তার সৃষ্টির বৈচিত্র্য, বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। উৎসবের বিভিন্ন পরিবেশনা পরিচালনা করছেন অংশগ্রহণকারী নৃত্যদল ও প্রতিষ্ঠানের নৃত্য পরিচালকরা।



