জেনেলিয়া ফিরছেন ভিন্নরূপে

জেনেলিয়া দেশমুখ । ছবি : ইনস্টাগ্রাম
বলিউডে একসময় রোমান্টিক চরিত্রের জন্য দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন জেনেলিয়া দেশমুখ। প্রাণবন্ত হাসি, অভিব্যক্তিপূর্ণ চোখ আর সহজাত অভিনয় দিয়ে পর্দায় তৈরি করেছিলেন আলাদা পরিচিতি। ‘জানে তু... ইয়া জানে না’, ‘বোম্মারিল্লু’ কিংবা ‘তেরে নাল লাভ হো গয়া’র মতো সিনেমায় তার রোমান্টিক উপস্থিতি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে অ্যাকশন ও সাসপেন্সের আবহে হাজির হচ্ছেন তিনি। নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জেনেলিয়া ও ইমরান হাশমি। আদিত্য দত্ত পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ নভেম্বর।
ইমরান হাশমির সঙ্গে প্রথমবার কাজ করা নিয়ে জেনেলিয়া বললেন, ‘সিনেমাটিতে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হলো, এটি কোনো একটি আবেগে আটকে নেই। এখানে অ্যাকশন, রোমান্স, হাস্যরস, সুরেলা সংগীত ও আবেগ আছে। ইমরান হাশমির সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের একসঙ্গে দারুণ একটা কাজ হলো।’
একসময় নিয়মিত সিনেমায় অভিনয় করলেও বিয়ের পর কাজের ব্যস্ততা কমিয়ে দেন জেনেলিয়া। ২০১২ সালে ‘তেরে নাল লাভ হো গয়া’র পর দীর্ঘ সময় তাকে বড় পর্দায় নিয়মিত দেখা যায়নি। তবে অভিনয় থেকে পুরোপুরি দূরে থাকেননি। ২০২৫ সালে আমির খানের ‘সিতারে জমিন পর’ এবং তেলুগু সিনেমা ‘জুনিয়র’-এর মাধ্যমে আবারও আলোচনায় আসেন।
দীর্ঘ বিরতির পর নিজের অভিনয়ভাবনা নিয়ে জেনেলিয়া বললেন, ‘আমি এখন আগের চেয়ে আলাদা মানুষ। তবে আমার ভেতরের সেই চঞ্চলতা এখনো রয়ে গেছে। নিজের ভেতরের শিশুটিকে সবসময় বাঁচিয়ে রাখতে চাই। এখন আমি ভৌতিক আর অ্যাকশন সিনেমাও করতে চাই।’
শুধু নিজের চরিত্র নয়, বিভিন্ন বয়সী নারীদের নিয়েও পর্দায় নতুন গল্প দেখতে চান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি চাই, ৩০, ৪০ কিংবা ৫০ বছর বয়সী নারীদের নিয়েও আরও গল্প লেখা হোক। প্রেমের গল্প শুধু তরুণদের জন্য নয়। প্রেম তো শুধু কলেজজীবনেই হয় না।’
মুক্তির অপেক্ষায় আছে রামগোপাল ভার্মার ‘পুলিশ স্টেশন মে ভূত’ সিনেমাও।




