ছায়ানটের মঞ্চে রবীন্দ্রনাথের ‘বৃক্ষবন্দনা’

দীনেশ ত্রিবেদীর হাত থেকে সম্মাননা নিচ্ছেন পূজা সেনগুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষবন্দনা’ কবিতা অবলম্বনে ‘ধরা তরু কাব্য— নেচারস টেল’ শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করেছে তুরঙ্গমী রিপার্টরি ড্যান্স থিয়েটার। নৃত্যনাট্যটির পরিচালক ছিলেন পূজা সেনগুপ্ত। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে গতকাল শুক্রবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে এ বিশেষ নৃত্যনাট্য পরিবেশিত হয়। নৃত্য, সংগীত ও নাট্যভাষার সমন্বয়ে এতে রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম, মানুষ ও প্রকৃতির সম্প্রীতি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতির বিস্তৃত ঐতিহ্যের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বললেন, ‘বাংলাদেশ সরকার বিভিন্নভাবে দেশের সংস্কৃতির বিকাশ ও প্রসারে কাজ করছে।’
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বললেন, ‘অভিন্ন ঐতিহ্য, সাহিত্য ও প্রকৃতিপ্রেমের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে।’ প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং তা সংরক্ষণের দায়িত্বের কথাও এই পরিবেশনা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেন তিনি।
‘ধরা তরু কাব্য’-তে বাংলার ছয় ঋতুর বৈচিত্র্যও ফুটিয়ে তোলা হয়। বসন্তের ফুল, গ্রীষ্মের উষ্ণতা, বর্ষার বৃষ্টি, শরতের প্রাচুর্য এবং শীতের স্থিরতা— ঋতু পরিবর্তনের এসব রূপ নৃত্য ও সংগীতের মাধ্যমে মঞ্চে তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য, স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির পাশাপাশি মানবজীবনের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্কের বিষয়টিও উঠে আসে।



