মুক্তির আগেই আলোচনায় সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

‘আনন্দ অশ্রু’ সিনেমায় সাইমন সাদিক ও মাহিয়া মাহি - অভি কথাচিত্র
ঈদ ছাড়াই বড় পরিসরে মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির সিনেমা ‘আনন্দ অশ্রু’। দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে সিনেমাটি। ফলে মুক্তির আগেই আলোচনায় এসেছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি।
১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পায় শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। একই নামে ২০১৮ সালে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন ‘দুই নয়নের আলো’র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
নাম একই হওয়ায় অনেকের ধারণা ছিল, পুরনো ‘আনন্দ অশ্রু’র রিমেক এটি। তবে পরিচালক জানিয়েছেন, দুটি সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা। তার ভাষ্যে, ‘একই নামে অতীতেও একাধিক সিনেমা হয়েছে, এখনো হচ্ছে। পুরনো ‘আনন্দ অশ্রু’ একটি কাল্ট ক্ল্যাসিক সিনেমা। দুটোই প্রেমের সিনেমা হলেও আমাদের গল্প সম্পূর্ণ আলাদা।”
সিনেমায় গ্রামীণ বাউল সুজনের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। মাহিকে দেখা যাবে পরী নামের এক তরুণীর ভূমিকায়। দুজনের প্রেম, মান-অভিমান ও পারিবারিক সংঘাত নিয়ে এগিয়েছে গল্প। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী। আগের ‘আনন্দ অশ্রু’-তে নর্তকীর চরিত্রে অভিনয় করা নাসরিনও রয়েছেন নতুন সিনেমায়। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, শহীদুজ্জামান সেলিম ও মারুফ আকিব।




