মঞ্চে আসছে গীতি আলেখ্য ‘যশোর রোড’, আজ ছায়ানটে প্রদর্শনী
সাংস্কৃতিক প্রতিবেদক

দৃশ্য: ‘যশোর রোড’ - বাঁধনহারা
নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ২০১২ সালে যাত্রা শুরু করে বাঁধনহারা। একযুগের বেশি সময়ের পথচলায় নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে নাট্যদলটি।
এবার মঞ্চে আসছে তাদের গীতি আলেখ্য ‘যশোর রোড’। আজ সন্ধ্যা ৭টায় ঢাকার ছায়ানট মিলনায়তনে এর প্রদর্শনী হবে। অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতা থেকে নির্মিত ‘যশোর রোড’।
মৌসুমী ভৌমিকের ভাবানুবাদ, কণ্ঠ ও সুরে ‘শত শত চোখ’ গান অবলম্বনে তৈরি এই পরিবেশনা বাঁধনহারার দীর্ঘ পথচলা, ভালোবাসা ও সম্মিলিত স্বপ্নের গল্প।
পোস্টারে এটিকে ‘আ টেস্টিমনি অব অ্যালেন গিন্সবার্গ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গীতি আলেখ্যটির নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান তাপু। এতে অংশ নিচ্ছেন প্রায় ৬০ জন শিল্পী ও কর্মী। তাদের বয়স ৪ থেকে ৭০ বছর পর্যন্ত।




