রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা
ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

ফেরদৌসী আহমেদ মিষ্টি।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যবিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এবং দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বুধবার সরকারপ্রধান তাকে এ নির্দেশনা দেন। ক্ষমতাসীন বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র আগামীর সময়কে জানিয়েছে এ তথ্য।
এমপি মিষ্টির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার যেকোনো সময় তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে পারেন।
প্রায় পাঁচ দশক ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে দুই শতাধিক ব্যক্তি হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একটি স্থায়ী ও তিনটি আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে টাঙিয়ে দেওয়া হয় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সাইনবোর্ড।
প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থানকালে এ ঘটনা ঘটে। দেশে ফিরে বিষয়টি অবহিত হওয়ার পর তিনি ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলের কোনো পর্যায়ের নেতাকর্মী এর সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন।
সূত্রের দাবি, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নেপথ্যে ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়ে দলের কাছে তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে দলীয় সিদ্ধান্তের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
তবে ওই হামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি বলেছেন, সমিতির সঙ্গে তার নাম যুক্ত থাকলেও ভাঙচুরের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি চান, পুলিশ আইন অনুযায়ী তদন্ত করুক।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন, হামলায় এমপির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জায়গা নিয়ে স্থানীয়ভাবে দীর্ঘদিনের বিরোধের জেরে ২৫ সেপ্টেম্বরের হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে।
মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে
২৬ সেপ্টেম্বর ২০২৬





