বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

জিয়াউল হক জুয়েল। সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাত ১২টার দিকে বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
জুয়েল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারের পর জুয়েলকে ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
২০১২ সালের ২২ মে তিনি প্রথমবারের মতো বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার ১৪ দিনের মধ্যে পৌরসভাটিকে তিনি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। পরবর্তী সময়ে পৌরসভার সীমানা বাড়িয়ে আবার পৌরসভাটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করা এবং পৌরসভা জুড়ে সোডিয়াম লাইট স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করায় এলাকায় দলমত নির্বিশেষে তিনি তুমুল জনপ্রিয় হন।
বাংলাদেশ পৌরসভা মেয়র সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি।




